EN ☀️
×

Follow Us

বিনোদন

ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে এড শিরানের কনসার্ট

ডেইলি সান রিপোর্ট, বিনোদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

ফিলিস্তিন ইস্যুতে বিতর্কের মুখে এড শিরানের কনসার্ট

ছবি: সংগৃহীত

অ অ

ফিলিস্তিনের ইস্যুতে মার্কিন র‍্যাপার ম্যাকলেমোরকে বাদ দেওয়ার পর অনিশ্চয়তায় পড়েছে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের চলমান সংগীতসফর। কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের সমর্থনে বক্তব্য দেওয়ায় তার লুপ ট্যুরের উত্তর আমেরিকা শিডিউল থেকে বাদ দেওয়া হয়েছে মার্কিন র‍্যাপার ম্যাকলেমোরকে। ঘটনা এখানেই শেষ হয়নি। এর জেরে এই মেগা কনসার্ট সিরিজ থেকে সড়ে দাঁড়িয়েছে নিয়মিত পারফর্মাররাও।

ম্যাকলেমোরকে ট্যুর থেকে সরানোর সিদ্ধান্তের ব্যাপারে এক বিবৃতিতে শিরান দাবি করেন, এ সিদ্ধান্ত তার নয়, বরং এটি এসেছে কনসার্টের আয়োজক ও ভেন্যু কর্তৃপক্ষের পক্ষ থেকে। ম্যাকলেমোরের সাহসিকতাকে শ্রদ্ধা করলেও গানের মঞ্চকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

শিরানের এই ব্যাখ্যার কয়েক ঘণ্টার মধ্যেই তার ট্যুরে বড় ধরনের ধস নামে। ম্যাকলেমোরকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে ট্যুর বর্জনের ঘোষণা দেন বাকি সব শিল্পী। এই তালিকায় আছেন আইরিশ গায়ক অ্যারন রো, গ্র্যামিজয়ী শিল্পী ফিনিয়াস এবং ডেনিশ পপ ব্যান্ড লুকাস গ্রাহাম। কনসার্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে মঞ্চে শিরানের সঙ্গে নিয়মিত বাজানো আইরিশ ফোক ব্যান্ড বিওগা। ফলে আগামী শোগুলোতে মঞ্চ মাতানোর মতো বিকল্প নাম খুঁজে পেতে এখন বিপাকে পড়েছে শিরানের টিম।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সেপ্টেম্বর মাসে আরও ৩টি, অক্টোবরে ৬টি ও নভেম্বরে একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল শিরানের। কিন্তু শেষ মুহূর্তে এতজন শিল্পীর ট্যুর বর্জনের পর বিকল্প হিসেবে কারা মঞ্চে উঠবেন, তা এখনও নিশ্চিত করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান।

বিলবোর্ড ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এমন পরিস্থিতিতে শিরানের দল এখন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। এত বড় আয়োজনে শেষ মুহূর্তে পরিচিত শিল্পীদের যুক্ত করা ভীষণ কঠিন। ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে রাজনৈতিক বিভাজন যে পর্যায়ে পৌঁছেছে, তাতে বিতর্কের বোঝা মাথায় নিয়ে অনেক শীর্ষস্থানীয় শিল্পীই মঞ্চে দাঁড়াতে দ্বিধাবোধ করছেন।

ম্যাকলেমোরের সমর্থক এবং যুদ্ধবিরোধী সাধারণ তরুণ শ্রোতাদের একটি অংশ আয়োজকদের ওপর ক্ষুব্ধ। কিছু ভেন্যুতে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তবে শিরানের নিজস্ব ভক্ত সমর্থকের কারণে সার্বিক টিকিটের চাহিদা হয়তো বজায় থাকবে। কিন্তু ট্যুরের ইতিবাচক ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিতর্ক ও শঙ্কার মাঝে আয়োজকদের সামনে এখন মূলত তিনটি পথ খোলা আছে বলে বিলবোর্ডের প্রতিবেদনে উল্লেখ করেছে। তুলনামূলক কম পরিচিত শিল্পীদের যুক্ত করে শূন্যস্থান পূরণ করা, কোনো ওপেনিং অ্যাক্ট না রেখে শুধু শিরানের পারফরম্যান্স দিয়ে পুরো শো শেষ করা অথবা কনসার্টের তারিখ পিছিয়ে দিয়ে নতুন করে লাইনআপ সাজানো।

উল্লেখ্য ২০২২ সালে যুক্তরাজ্যে আয়োজিত কনসার্ট ফর ইউক্রেন নামে একটি বিশেষ চ্যারিটি কনসার্টে মূল পারফর্মার হিসেবে অংশ নেন এড শিরান। এই কনসার্ট থেকে ইউক্রেনের যুদ্ধবিদ্ধস্ত মানুষের মানবিক সহায়তার জন্য ১১.৩ মিলিয়ন পাউন্ড (প্রায় ১৫ মিলিয়ন ডলার) তহবিল সংগ্রহ করা হয়েছিল। যুদ্ধবিরোধী ভক্ত সমর্থকেরা পূর্বে শিরানের এ অবস্থানের সাথে বর্তমান ফিলিস্তিনবিরোধী অবস্থানকে তুলনা করছে।

আরও পড়ুন