‘রাস্তায় হত্যা করো’ গান পোস্টের ২ ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক
গান পোস্টের দুই ঘণ্টা পর জিম থেকে বেরোনোর সময় গুলিতে নিহত হন হরিয়ানভি গায়ক অঙ্কিত বালিয়ান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
মৃত্যুর দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে গান পোস্ট করেছিলেন গায়ক অঙ্কিত বালিয়ান।
মৃত্যুর মাত্র দুই ঘণ্টা আগে ইনস্টাগ্রামে একটি গান পোস্ট করেছিলেন হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গানের এক লাইনে ছিল—‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, অর্থাৎ ‘রাস্তায় হত্যা করো’। ভিডিও পোস্টের কিছুক্ষণ পরই উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় গুলিতে নিহত হন তিনি। এই কাকতালীয় ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে গত বুধবার সন্ধ্যায়। শামলি শহরের আর্যপুরী নালা পাটরির কাছে জিম থেকে বের হয়ে গাড়িতে উঠছিলেন অঙ্কিত। তখন মোটরসাইকেলে আসা কয়েকজন হামলাকারী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, হামলাকারীরা ১৮ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত অঙ্কিতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
অঙ্কিত হরিয়ানভি সংগীতের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত ছিলেন। তাঁর বেশ কিছু গানে অস্ত্র, সংঘর্ষ ও গ্যাংস্টার সংস্কৃতির উপাদান দেখা গেছে। তিনি ৫০টির বেশি গানে কাজ করেছিলেন।
শেষ ভিডিওর সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়। পুলিশ হত্যার কারণ খুঁজতে অঙ্কিতের পুরোনো বিরোধ, হুমকি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাটি পরিকল্পিত। জিম ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
অঙ্কিতের পরিবার জানিয়েছে, এর আগেও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল। পরিবার পুলিশকে এক ব্যক্তির নামও জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, প্রায় এক মাস আগে অঙ্কিত অভিযোগ করেছিলেন, হরিয়ানার কয়েকজন ব্যক্তি তাঁর কাছে চাঁদা দাবি করছেন এবং তিনি সেই টাকা দিতে অস্বীকার করেছিলেন। এই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র আছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে।
হত্যার পর অঙ্কিতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে সড়ক অবরোধ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করে বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ এখনো হত্যার নির্দিষ্ট কারণ চূড়ান্ত করেনি; সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।