বর্ষার আবহে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘মেঘ’
এই নতুন পরিবেশনাটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
ছবি: সংগৃহীত
বর্ষার প্রথম আবহকে সঙ্গী করে নতুন গান নিয়ে হাজির হচ্ছে কোক স্টুডিও বাংলা। চলতি সিজন ৪-এর নতুন পরিবেশনা ‘মেঘ’ প্রকাশিত হচ্ছে আজ (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায়। গানটি কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে একযোগে অবমুক্ত করা হবে।
আষাঢ়ের প্রকৃতি, বৃষ্টির প্রতীক্ষা এবং নতুন শুরুর অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত এই গানটি বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্য ও সমকালীন সুরের এক অনন্য মেলবন্ধন। বর্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা শাস্ত্রীয় রাগ ‘মিয়াঁ কি মালহার’ থেকে অনুপ্রাণিত হয়ে গানটির সুর ও সংগীতায়োজন করা হয়েছে।
‘মেঘ’ গানটিতে একসঙ্গে কাজ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব এবং শাস্ত্রীয় সংগীতশিল্পী ও সুরকার মোহাম্মদ শোয়েব। তাঁদের সৃজনশীল ভাবনায় গানটিতে ফুটে উঠেছে বর্ষাকে ঘিরে মানুষের প্রতীক্ষা, প্রকৃতির পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প।
গানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বাংলা সংস্কৃতির চিরায়ত উপাদানকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে অনুপ্রেরণা নিয়ে, সমকালীন ‘স্পোকেন ওয়ার্ড’-এর সংযোজনে ‘মেঘ’ পরিচিত অনুভূতিকে দিয়েছে নতুন ভাষা ও নতুন মাত্রা। একই সঙ্গে আধুনিক সংগীতায়োজন, সমকালীন কণ্ঠ এবং শাস্ত্রীয় সংগীতের আবেগের সমন্বয় গানটিকে করেছে ব্যতিক্রমী।
এই নতুন পরিবেশনাটিতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। শাস্ত্রীয় সংগীত, সমকালীন সাউন্ড এবং আধুনিক মিউজিকের সংমিশ্রণে তৈরি এই গানটি কোক স্টুডিও বাংলার সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যার মাধ্যমে স্থানীয় সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে।
বাংলা সাহিত্য, সংগীত ও সংস্কৃতিতে বর্ষা চিরকালই অনুপ্রেরণার এক গভীর উৎস। সেই ঐতিহ্যকে আধুনিক সংগীতের ভাষায় নতুনভাবে ব্যাখ্যা করেছে ‘মেঘ’। শাস্ত্রীয় প্রভাব, সমকালীন সুর এবং কাব্যিক আবহের মিশেলে গানটি শ্রোতাদের জন্য বর্ষাকে নতুনভাবে অনুভব করার এক অনন্য সংগীত-অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।