আগামী এপ্রিলে নতুন নভোচারী নিয়োগ দেবে জাপান
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা আগামী বছরের এপ্রিল থেকে নতুন নভোচারী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। ২০৩০-এর দশকে চাঁদে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাপানের সায়েন্স মিনিস্টার ইয়োশিহিরো সেকি এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দ্য জাপান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস কর্মসূচির আওতায় চাঁদে মানুষের উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির অংশীদার জাপানও। চাঁদে ভবিষ্যৎ অভিযানে অংশ নিতে নভোচারী প্রস্তুত করতে চায় জাক্সা।
ইয়োশিহিরো সেকি বলেন, ‘মানবজাতির নতুন সীমান্ত মহাকাশ অনুসন্ধানের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে অনেক মানুষ আবেদন করবেন বলে আমি আশা করছি।’
এটি জাক্সার সপ্তম নভোচারী নিয়োগ কার্যক্রম। ২০২১ সালের পর এবারই প্রথম নতুন নভোচারী নিয়োগ দিতে যাচ্ছে সংস্থাটি। ২০২১ সালে মাকোতো সুয়া (৪৯) ও আয়ু ইয়োনেদা (৩১) নভোচারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
জাক্সা আগামী বছরের এপ্রিলের দিকে আবেদনসংক্রান্ত নির্দেশিকা ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করবে। জুনের দিকে আবেদন গ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। ২০২৮ সালের শরৎকালের মধ্যে অল্পসংখ্যক নভোচারী প্রার্থী বাছাই করতে চায় সংস্থাটি।
আর্টেমিস কর্মসূচির নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চলতি বছরের ফেব্রুয়ারিতে সংস্থাটি ২০২৮ সালে নভোচারীদের চাঁদে অবতরণের পরিকল্পনার কথা জানায়।
এই কর্মসূচিতে জাপানকে চাঁদে দুই নভোচারী পাঠানোর সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর বিনিময়ে জাপান চাঁদে নভোচারীদের চলাচলের জন্য চাপযুক্ত একটি যান সরবরাহ করবে। যানটির নাম ‘লুনার ক্রুজার’।
জাক্সার বর্তমানে ছয়জন সক্রিয় নভোচারী রয়েছেন। তাদের গড় বয়স ৪৯ বছর। অন্যদিকে, ২০৩০-এর দশক থেকে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি নিশ্চিত করতে চায় নাসা। এ লক্ষ্যে সেখানে একটি ঘাঁটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে ভবিষ্যতে জাপানি নভোচারীদের চাঁদে যাওয়ার সুযোগ আরও বাড়তে পারে।
জাক্সার মতে, নভোচারী তৈরি করতে দীর্ঘ সময় ধরে প্রশিক্ষণ দিতে হয়। এ ছাড়া বর্তমান নভোচারীদের দক্ষতা ও অভিজ্ঞতা নতুনদের মধ্যে ছড়িয়ে দেওয়াও প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন নিয়োগ কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।