হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ‘সাউন্ড স্টিকার’
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম
হোয়াটসঅ্যাপের সর্বশেষ পাবলিক বেটা সংস্করণে এমন একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যা বন্ধুদের সঙ্গে চ্যাটিংকে আরও আনন্দদায়ক করে তুলতে পারে। এটা হলো এমন স্টিকার, যেগুলোতে ট্যাপ বা ক্লিক করলে শব্দ শোনা যাবে।
মেসেজিং অ্যাপটিতে যেভাবে নিজের পছন্দমতো সাধারণ বা অ্যানিমেটেড স্টিকার তৈরি করা যায়, এটিও ঠিক তেমনই। তবে এর সঙ্গে বাড়তি হিসেবে অডিও যুক্ত করার সুবিধা থাকছে।
এর ফলে জনপ্রিয় ও মজার ভিডিও ক্লিপগুলোকে সহজেই স্টিকারে রূপ দেওয়া যাবে- যেমন জশ হাচারসনের 'হুইসেল' এডিট মিম, যা সম্প্রতি ‘সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার কল্যাণে আবারও বেশ ভাইরাল হয়েছে।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী প্ল্যাটফর্ম ডব্লিউএবেটাইনফো- এর মতে, অ্যান্ড্রয়েডের ২.২৬.৪১.৩ বেটা আপডেটে এই ‘সাউন্ড স্টিকার’ ফিচারটি যুক্ত করা হয়েছে। আপনি যদি এটি ব্যবহার করে দেখতে চান, তবে গুগল প্লে স্টোরের মাধ্যমে হোয়াটসঅ্যাপের বেটা টেস্টার হওয়ার জন্য আবেদন করতে পারেন।
সাউন্ড স্টিকার তৈরি করতে প্রথমে যেকোনো একটি চ্যাট ওপেন করে স্টিকার আইকনে ট্যাপ করুন এবং এরপর ‘ক্রিয়েট স্টিকার’ অপশনটি বেছে নিন। সেখান থেকে আপনার ফোনের গ্যালারি বা লাইব্রেরি থেকে যেকোনো একটি ভিডিও নির্বাচন করলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেটিকে স্টিকারে রূপান্তর করে দেবে।
এরপর ওপরের মেনুতে নতুন একটি ‘সাউন্ড’ আইকন দেখতে পাবেন। সেটিতে ট্যাপ করলে ‘অ্যাড সাউন্ড’ নামের একটি নতুন স্ক্রিন চালু হবে।
সেখান থেকে আপনি চাইলে ভিডিওটির মূল অডিও রাখতে পারেন, নতুন করে ভয়েস নোট বা পছন্দের যেকোনো শব্দ রেকর্ড করতে পারেন, অথবা ফোনে সেভ থাকা কোনো অডিও ফাইলও যুক্ত করতে পারেন।
সব কাজ শেষ হলে সাউন্ড স্টিকারটি সেভ করে যতজনকে খুশি পাঠাতে পারবেন।
তবে ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় আপনি আগে থেকে বেটা টেস্টার হলেও এখনই এটি ব্যবহারের সুযোগ নাও পেতে পারেন। ভবিষ্যতে এটি সব সাধারণ ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে কি না, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি