ফোনে ‘নো সিম’ দেখালে যা করবেন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম
সহজ কয়েকটি উপায়ে সারতে পারে ‘নো সিম’ সমস্যা।
জরুরি একটি কল করতে গিয়ে দেখলেন, ফোনের পর্দায় ভাসছে ‘নো সিম কার্ড ইনস্টলড’। ফোন চালু আছে, অথচ কল বা মেসেজের সুবিধা নেই। এমন বার্তা দুশ্চিন্তার হলেও অনেক সময় ঘরে বসেই সমাধান সম্ভব। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এ নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছে।
সিম বা ‘সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল’ মূলত ব্যবহারকারীকে নিরাপদে মোবাইল অপারেটরের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে। তাই এতে গোলমাল হলে যোগাযোগ থমকে যায়।
সিমটি ঠিকভাবে বসান
শুরুতে ফোন একবার বন্ধ করে চালু করুন। কাজ না হলে ইজেক্টর টুল দিয়ে সিম বের করে আবার ঠিকমতো বসান। টুল না থাকলে পেপার ক্লিপ বা সেফটিপিন সাবধানে ব্যবহার করা যায়। ফোন হাত থেকে পড়লে কিংবা সার্ভিসিংয়ের পর সিম নড়ে যেতে পারে। কার্ডটি বের করার পর এতে ময়লা, আঁচড় বা ক্ষতির চিহ্ন আছে কি না দেখুন। ট্রে পুরোপুরি বন্ধ হয়েছে কি না, সেটিও নিশ্চিত করুন। জোর করে কার্ড বা ট্রে ঢোকাবেন না।
নেটওয়ার্ক যাচাই করুন
একই অপারেটরের সংযোগ ব্যবহার করেন, এমন পরিচিত কাউকে জিজ্ঞাসা করুন তাঁর ফোন সচল কি না। অন্য অপারেটরের ফোন স্বাভাবিক থাকলে আপনার অপারেটরের নেটওয়ার্কে বিভ্রাট থাকতে পারে। আবার দুর্বল সংকেতের এলাকা বা আড়ালের কারণেও সংযোগ মেলে না। তাই খোলা বা ভালো নেটওয়ার্কের জায়গায় গিয়ে দেখুন।
এয়ারপ্লেন মোড ও রিসেট
সমস্যাটি সফটওয়্যারেরও হতে পারে। কুইক সেটিংস থেকে এয়ারপ্লেন মোড চালু করে কয়েক সেকেন্ড পর বন্ধ করুন। ফোনের সফটওয়্যার হালনাগাদ আছে কি না, সেটিও দেখুন। আইফোনে ‘জেনারেল’ থেকে ‘অ্যাবাউট’-এ গেলে অপারেটর সেটিংসের হালনাগাদ থাকলে তা দেখাতে পারে।
তাতেও কাজ না হলে নেটওয়ার্ক রিসেট করতে পারেন। আইফোনে অপশনটি থাকে সেটিংসের ‘জেনারেল’ থেকে ‘ট্রান্সফার অর রিসেট আইফোন’ অংশে। অ্যান্ড্রয়েডে সাধারণত ‘রিসেট অপশনস’-এ মেলে, তবে মডেলভেদে নাম ভিন্ন হতে পারে। এতে ব্যক্তিগত ফাইল মুছবে না, কিন্তু ওয়াই-ফাইসহ কিছু সংযোগে নতুন করে সাইন ইন করতে হবে।
ই-সিম ব্যবহারকারীর করণীয়
ই-সিম হলো প্রচলিত কার্ডের ডিজিটাল বিকল্প। আইফোনে এর সেটিং থাকে ‘সেলুলার’ বা ‘মোবাইল ডেটা’ অংশে, অ্যান্ড্রয়েডে সাধারণত ‘সিম ম্যানেজার’-এ। বিদেশ ভ্রমণে গিয়ে সমস্যা হলে ডেটা রোমিং চালু আছে কি না দেখুন। তবে রোমিংয়ের খরচ আগে জেনে নেওয়া ভালো।
বকেয়া বিল বা অন্য কারণে সেবা স্থগিত থাকলে ফোন নেটওয়ার্ক পাবে না। তাই নিজের অ্যাকাউন্টের অবস্থা যাচাই করুন। সম্ভব হলে অন্য একটি সিম ঢুকিয়ে পরীক্ষা করুন। এতে বোঝা যাবে, ত্রুটি কার্ডে নাকি ফোনে। বিদেশ থেকে কেনা বা ব্যবহৃত ফোন নির্দিষ্ট অপারেটরে লক করা থাকলেও অন্য সিম কাজ না করতে পারে। সব চেষ্টার পরও বার্তাটি না সরলে অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র বা অনুমোদিত সার্ভিস সেন্টারে যান।