অ্যানথ্রপিকের শেয়ারের প্রভাবে ৬০০ কর্মী এখন মিলিনিয়ার
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের নাসডাক শেয়ার বাজারে অভিষেকের পর এর অধিকাংশ কর্মী রাতারাতি মিলিনিয়ারে পরিণত হয়েছে। যাদের মধ্যে অনেকেই এখন কয়েক মিলিয়ন ডলারের মালিক।
নিয়ন্ত্রক সংস্থার নথিপত্র অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির মোট কর্মী সংখ্যা ছিল ৫ হাজার ৩০০ জন। অ্যানথ্রপিকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার প্রতি মূল্য ৮৩ ডলার নির্ধারিত হওয়ার পর প্রায় ৬০০ কর্মী বিরল ‘সেন্টি-মিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেছেন। অর্থাৎ তাঁদের প্রত্যেকের শেয়ারের মূল্য ১০ কোটি (১০০ মিলিয়ন) ডলারেরও বেশি।
প্রাইভেট কোম্পানির শেয়ার পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘হিল ডটকম’-এর তথ্যে এই চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে সিএনএন।
প্রতিষ্ঠানটির ভেতরে ‘অ্যান্টস’ নামে পরিচিত কর্মীদের মধ্যে প্রায় ২ হাজার ৮০০ জনের শেয়ারের মূল্য ১ কোটি (১০ মিলিয়ন) ডলারের ওপরে। আর প্রায় ৫ হাজার ১০০ জন- অর্থাৎ মোট কর্মীর ৯৬ শতাংশেরই শেয়ারের মূল্য ১০ লাখ (১ মিলিয়ন) ডলারের বেশি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিল ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্ড্রু বেনসন বলেন, ‘‘এখানে সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এটি কত দ্রুত ঘটেছে।’’
অ্যানথ্রপিক থেকে কর্মীদের চাকরি ছাড়ার হার যে খুবই কম ছিল, তা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘বেশ কিছুদিন ধরেই এটা স্পষ্ট ছিল যে অ্যানথ্রপিক রকেটের গতিতে এগোচ্ছে। তাই এটি কর্মীদের প্রতিষ্ঠান ছেড়ে যেতে নিরুৎসাহিত করেছে, কারণ তাঁরা জানতেন চাকরি ছাড়লে কত বড় সুযোগ হারাতে হবে।’’
সিলিকন ভ্যালির স্টার্টআপগুলোতে- যেখানে সাধারণত নগদ অর্থের পরিমাণ কম থাকে—বেতনের পাশাপাশি শেয়ার দেওয়ার প্রথা নতুন নয়। ভবিষ্যতে কোনো বড় কোম্পানির কাছে বিক্রি হওয়া বা আইপিও আসার সম্ভাবনা কর্মীদের কঠোর পরিশ্রম করতে এবং সেই দিনটির জন্য অপেক্ষা করতে অনুপ্রাণিত করে।
তবে অ্যানথ্রপিকের মতো এত দ্রুত এবং এত বড় পরিসরে খুব কম স্টার্টআপই বেড়ে উঠেছে। ২০২১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটিতে ২০২৪ সালের শেষের দিকেও কর্মী সংখ্যা ছিল ১,০০০-এর কম।
অ্যান্ড্রু বেনসন উল্লেখ করেন, বেশিরভাগ টেক স্টার্টআপের মতো এখানেও আর্থিক লাভের ক্ষেত্রে পদমর্যাদার চেয়ে আগে যোগ দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘‘আপনি হয়তো প্রতিষ্ঠানের একদম নিচের সারির কর্মী, কিন্তু আপনি যদি ২০২৩ বা ২০২৪ সালে যোগ দিয়ে থাকেন, তবে চলতি বছরের শুরুতে যোগ দেওয়া কোনো সিনিয়র কর্মকর্তার চেয়েও আপনার আর্থিক লাভ অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।’’
তুলনামূলকভাবে, স্পেসএক্স জুনে তাদের আলোচিত আইপিও আনার আগে দুই দশকেরও বেশি সময় প্রাইভেট কোম্পানি হিসেবে ছিল। সেই অভিষেকে ২২ হাজার কর্মীর মধ্যে প্রায় ৪ হাজার ৪০০ জন মিলিয়নিয়ার হয়েছিলেন।
লেনদেনের প্রথম দিনেই প্রতিষ্ঠাতা নন এমন অভ্যন্তরীণ কর্মীদের শেয়ার বিক্রির সুযোগ দেওয়ার কারণেও অ্যানথ্রপিকের আইপিও অনন্য। সাধারণত বেশিরভাগ আইপিওতে কর্মীদের জন্য তিন থেকে ছয় মাসের একটি ‘লকআপ’ পিরিয়ড থাকে, যে সময়ে তাঁরা শেয়ার বিক্রি করতে পারেন না।
কিন্তু অ্যানথ্রপিকের তালিকাভুক্তিতে একটি জটিল ও ধাপে ধাপে কার্যকর হওয়া লকআপ সূচি রাখা হয়েছিল, যার ফলে প্রতিষ্ঠাতা নন এমন কর্মীরা লেনদেন শুরু হওয়ার সাথে সাথেই তাঁদের শেয়ারের ১০ শতাংশ পর্যন্ত বিক্রি করে নগদ অর্থ তুলে নেওয়ার সুযোগ পেয়েছেন।
এছাড়া স্পেসএক্সের কর্মীরা টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাজুড়ে ছড়িয়ে থাকলেও অ্যানথ্রপিকের কার্যক্রম মূলত সান ফ্রান্সিসকো কেন্দ্রিক—যে শহরের পুরো অর্থনীতিই প্রযুক্তির হঠাৎ সম্পদ বৃদ্ধির কারণে বদলে গেছে।
নতুন করে তৈরি হওয়া এই বিপুল সংখ্যক মিলিয়নিয়ারদের কারণে সান ফ্রান্সিসকোর আবাসন বাজারে শিগগিরই বড় ধরনের চাপ তৈরি হতে পারে, যেখানে বাড়ির দাম ইতিমধ্যেই গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে।
রেডফিন-এর তথ্য অনুযায়ী, অক্টোবরে সান ফ্রান্সিসকোতে একটি সাধারণ বাড়ির গড় বিক্রয়মূল্য ছিল ১৭ লাখ (১.৭ মিলিয়ন) ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।
অন্যদিকে, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েলটরসের তথ্যানুসারে, একই সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে বাড়ির গড় দাম প্রায় অপরিবর্তিত থেকে ৪ লাখ ১৬ হাজার ৭০০ ডলারে দাঁড়িয়েছে।
-6b0008250977d.png)