EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানি এখন ‘অ্যানথ্রপিক’

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানি এখন ‘অ্যানথ্রপিক’

প্রায় ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে দাঁড়িয়েছে অ্যানথ্রপিক। ছবি: বিবিসি

অ অ

শেয়ার বাজারে যাত্রা শুরু করেই বিশ্বের অন্যতম মূল্যবান পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। প্রায় ১ দশমিক ৭৬ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নাসডাক স্টক এক্সচেঞ্জে জনপ্রিয় এআই চ্যাটবট ‘ক্লড’-এর নির্মাতা এই প্রতিষ্ঠানের অভিষেক হয়।

৮৩ ডলারের নির্ধারিত মূল্য ছাড়িয়ে লেনদেনের শুরুতেই এর শেয়ারের দাম ১১১ দশমিক ৫৩ ডলারে উঠলে বাজারমূল্য প্রায় ২ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায়। তবে দিনশেষে ১৭ শতাংশ বৃদ্ধিসহ ৯৭ দশমিক ১৭ ডলারে শেয়ারটি স্থির হয়।

অ্যানথ্রপিকের এই সাফল্যের দিনেও সামগ্রিক নাসডাক সূচক প্রায় ২ দশমিক ৩ শতাংশ কমেছে এবং অ্যালফাবেট ও অ্যামাজনের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারদরও নিম্নমুখী ছিল।

মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা অ্যানথ্রপিক ইতিহাসের অন্যতম দ্রুততম সময়ে স্টার্ট-আপ থেকে আইপিও-তে এসেছে। তবে এআই খাতে গত এক বছরে ১ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের ফলে বাজারে ‘আর্থিক বুদবুদ’ তৈরির আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

বিশ্লেষকদের মতে, প্রথম সম্পূর্ণ এআই-ভিত্তিক কোম্পানি হওয়ায় অ্যানথ্রপিকের শেয়ারে আগামীতে বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে এবং প্রাথমিক উন্মাদনা কিছুটা কমতে পারে।

স্বল্পমেয়াদে এআই নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের সম্ভাবনা কোম্পানিটির ওপর প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে অ্যাপেক সম্মেলনে এআই-এর ওপর কঠোর বিধিনিষেধের বিরোধিতা করলেও, মার্কিন আইনপ্রণেতাদের একটি দ্বিদলীয় দল ইতোমধ্যেই এআই নিরাপত্তা ও নিয়ন্ত্রণে নতুন ককাস গঠন করেছে।

অন্যদিকে, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই এবং প্রেসিডেন্ট দানিয়েলা আমোদেই বরাবরই এআই প্রযুক্তির নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছেন। নিজেদের প্রযুক্তিকে সম্ভাব্য বিপজ্জনক দাবি করা সত্ত্বেও, শেয়ার বাজারে অ্যানথ্রপিকের এই দ্রুত উত্থান প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন