EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে তৈরি ভুয়া তথ্য রোধে ‘ডিপফেক টুল’ চালু করলো টিকটক

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

এআই দিয়ে তৈরি ভুয়া তথ্য রোধে ‘ডিপফেক টুল’ চালু করলো টিকটক
অ অ

২০২৭ সালে ইউরোপের একাধিক নির্বাচনের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া তথ্য বা অপপ্রচার রোধে জনপরিচিত ব্যক্তিদের জন্য বিশ্বব্যাপী ‘ডিপফেক শনাক্তকরণ টুল’ চালুর ঘোষণা দিয়েছে টিকটক। শুক্রবার (২০ নভেম্বর) এই ঘোষণা দেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি।

‘লাইকনেস ডিটেকশন টুল’ নামের এই ফিচারটির মাধ্যমে রাজনীতিবিদ এবং টিকটকে বিপুল অনুসারী থাকা অ্যাকাউন্টধারীরা তাদের অনুমতি ছাড়া নিজেদের ছবি বা অবয়ব ব্যবহার করে তৈরি করা এআই কনটেন্ট খুঁজে বের করতে এবং সেগুলোর বিরুদ্ধে অভিযোগ (রিপোর্ট) জানাতে পারবেন। পর্যায়ক্রমে সবার জন্য এই টুলটি উন্মুক্ত করা হচ্ছে।

‘ডিপফেক’ হলো এমন লেখা, ছবি, ভিডিও বা অডিও যা দেখতে বা শুনতে পুরোপুরি আসল মনে হলেও আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বা বিকৃত করা হয়।

চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের মতে, আগামী বছর ইতালি, ফ্রান্স ও গ্রিসসহ ইউরোপজুড়ে অনুষ্ঠিতব্য নির্বাচনগুলোতে অপতথ্য রোধের ক্ষেত্রে এই টুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লন্ডনে টিকটকের এক নিরাপত্তা ও উদ্ভাবন অনুষ্ঠানে ইউরোপীয় নির্বাচন-সংক্রান্ত সরকারি সম্পর্ক বিভাগের প্রধান ফ্রান্সেসকা স্কাপোলো বলেন, “নির্বাচনের স্বচ্ছতা রক্ষা করা টিকটকের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, এই লাইকনেস টুলটি “রাজনীতিবিদ ও সরকারকে তাদের অজান্তে বা অনুমতি ছাড়া শেয়ার করা সম্ভাব্য এআই-সৃষ্ট কনটেন্ট শনাক্ত করতে সহায়তা করবে।”

গত আগস্ট মাস থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তার স্বচ্ছতা নিশ্চিতে কঠোর বিধিমালা কার্যকর শুরু করেছে। যার মধ্যে ডিপফেক ও অন্যান্য এআই-নির্মিত কনটেন্টে বিশেষ লেবেল যুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে।

টিকটকও বেশ কয়েক বছর ধরে কনটেন্ট নির্মাতাদের বাস্তবসম্মত এআই ছবি, অডিও ও ভিডিওতে লেবেল লাগানোর নির্দেশনা দিয়ে আসছে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, প্রযুক্তির উন্নতির ফলে বিশ্বজুড়ে কনটেন্ট মডারেশন কর্মী ও কার্যালয়ের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে। পর্নোগ্রাফি, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য যাচাইয়ের ক্ষেত্রে মানুষের পেছনে খরচ বাঁচাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর কনটেন্ট মডারেশনে এআই-এর গুরুত্ব দিন দিন বাড়ছে।

এদিকে, কনটেন্ট নির্মাতাদের ছদ্মবেশে তৈরি এআই ভিডিও শনাক্ত করার জন্য ইউটিউবও নিজস্ব ‘লাইকনেস ডিটেকশন টুল’ তৈরি করেছে। এছাড়া, সম্ভাব্য ভুয়া তথ্যসংবলিত ভিডিও যাচাই করার জন্য বিভিন্ন দেশে সংবাদ সংস্থা এএফপি-সহ এক ডজনেরও বেশি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানকে অর্থ দেয় টিকটক।

আরও পড়ুন