মানুষের হয়ে কেনাকাটা করবে চ্যাটজিপিটি
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
এআই এজেন্টরা আপনাকে কী কিনতে হবে তা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার পক্ষ থেকে কেনাকাটা করবে। ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটি এখন আপনার হয়ে কেনাকাটা করতে পারবে। শুক্রবার (১৩ নভেম্বর) ওপেনএআই একটি নতুন ওয়ালেট ফিচার চালু করেছে, যার মাধ্যমে তাদের এআই এজেন্টরা আপনাকে কী কিনতে হবে তা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং আপনার পক্ষ থেকে কেনাকাটা করবে। এই এআই এজেন্টদের ‘ডটস’ বলা হচ্ছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বা তার বেশি বয়সী সীমিত সংখ্যক ‘চ্যাটজিপিটি প্রো’ সাবস্ক্রাইবারদের জন্য এই সুবিধাটি চালু করা হয়েছে। যাদের যুক্তরাষ্ট্রে ইস্যুকৃত ভিসা, মাস্টারকার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড রয়েছে।
ওপেনএআই জানিয়েছে, কেনাকাটার ওপর ব্যবহারকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কারণ চেকআউট বা চূড়ান্ত পেমেন্ট সম্পন্ন হওয়ার আগে ব্যবহারকারীরা নির্বাচিত পণ্য, মোট মূল্য এবং লেনদেনের জন্য ব্যবহৃত পেমেন্ট কার্ডটি পর্যালোচনা বা রিভিউ করতে পারবেন।
এছাড়া, ফেস আইডি বা ফিঙ্গারপ্রিন্টের মতো নিরাপত্তা যাচাইকরণের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি কেনাকাটার অনুমোদন দেবেন, যা তাদের লেনদেনের একটি রেকর্ড তৈরি করবে।
ওপেনএআই নিজস্ব ‘এজেন্টিক শপিং’ ফিচার নিয়ে এই সেবাটি শুরু করার জন্য চ্যাটজিপিটি সাবস্ক্রাইবারদের প্রথমে নতুন ‘চ্যাটজিপিটি ওয়ালেট’-এ তাদের উপযুক্ত পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে।
এরপর কেনাকাটায় সাহায্যের জন্য তাদের ‘ডটস’-কে অনুরোধ করতে হবে। এই সেটআপটি একবারই করতে হবে; প্রতিবার কেনাকাটার সময় ব্যবহারকারীদের নতুন করে পেমেন্টের তথ্য দিতে হবে না।
লেনদেনের সময় চ্যাটজিপিটি ওয়ালেট একটি ‘পেমেন্ট টোকেন’ ব্যবহার করে নির্বাচিত কার্ড থেকে অর্থ কাটবে। এই টোকেনটি ব্যবহারকারীর আসল কার্ডের তথ্যের বিকল্প হিসেবে কাজ করে, ফলে কার্ডের আসল তথ্য ‘ডট’ বা বিক্রেতা (মার্চেন্ট)- কারও সাথেই শেয়ার করা হয় না।
ওপেনএআই জানায়, অর্ডার সম্পন্ন করার জন্য মার্চেন্টের যা যা প্রয়োজন- যেমন প্রাপকের ঠিকানা এবং যোগাযোগের তথ্যতা স্বয়ংক্রিয়ভাবে ‘ডট’-এর কাছ থেকে পেয়ে যাবে।
কোম্পানিটি আরও উল্লেখ করেছে যে, গ্রাহকরা তাদের ডটসের মাধ্যমে কেনাকাটা করলেও ক্রেডিট কার্ডের সাধারণ রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে পারবেন এবং কার্ডের অন্যান্য সুরক্ষা সুবিধা (যেমন: কোনো লেনদেন নিয়ে আপত্তি বা ডিসপিউট জানানোর সুযোগ) ভোগ করতে পারবেন।
ভোক্তা-কেন্দ্রিক এআই টুলগুলো কীভাবে মানুষকে বিভিন্ন কাজে আরও দক্ষ করে তুলতে পারে এবং বাজারে নিজেদের সঠিক অবস্থান তৈরি করতে পারে- সেই প্রচেষ্টার অংশ হিসেবেই এই নতুন ফিচারটি যুক্ত করা হয়েছে।
যদিও ডোরড্যাশ এবং উবার-এর মতো কোম্পানিগুলো জানিয়েছে যে, এখন পর্যন্ত এআই এজেন্টদের মাধ্যমে খুব কম সংখ্যক অর্ডার দেওয়া হয়েছে।
তবে ১ কোটিরও বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্ম মেটার ‘মিউজ’-এ এআই-সহায়তায় কেনাকাটা অন্যতম শীর্ষ কার্যক্রমে পরিণত হয়েছে। এছাড়া ‘ইনস্টিংক্ট’-এর মতো অন্যান্য পার্সোনাল এআই এজেন্টও ব্যবহারকারীদের হয়ে কেনাকাটা করার সুবিধা দেয়।
শুরুতে সীমিত পরিসরে চালুর ফলে ওপেনএআই আরও বড় পরিসরে উন্মুক্ত করার আগে এই ফিচার এবং এর সক্ষমতা পরীক্ষা ও উন্নত করার সুযোগ পাবে।
ভবিষ্যতে কোম্পানিটি ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার পরিকল্পনা করছে। যাতে এআই এজেন্ট আরও স্বাধীনভাবে কেনাকাটা সামলাতে পারে।
ওপেনএআই আরও বেশিসংখ্যক রিটেইলার বা খুচরা বিক্রেতার সাইটে এই এজেন্টিক শপিং ফিচারটি চালুর লক্ষ্য নিয়েছে। তবে কিছু ক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ হতে পারে, কারণ অনেক রিটেইলার তাদের সাইটে এআই এজেন্টদের প্রবেশ নিষিদ্ধ করছে।
শপিংয়ের ক্ষেত্রে এআই এজেন্ট নিষিদ্ধকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো অ্যামাজন, কারণ তারা চায় ব্যবহারকারীরা অন্য এআইয়ের বদলে তাদের নিজস্ব এআই এজেন্ট ‘অ্যালেক্সা’ ব্যবহার করুক।