EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস, কে এই নারী?

এতদিন তিনি প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) দায়িত্বে ছিলেন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস, কে এই নারী?

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস। ছবি: রয়টার্স

অ অ

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন কোলেট ক্রেস। সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং প্রায় তিন দশক নেতৃত্ব দেওয়ার পর সরে দাঁড়ানোয় স্থায়ী উত্তরসূরি না পাওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন ৫৯ বছর বয়সী ক্রেস। এতদিন তিনি প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তার (সিএফও) দায়িত্বে ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের বরাতে জানা যায়, এআই খাতে শত শত কোটি ডলারের বিনিয়োগ ও বিভিন্ন কোম্পানির সঙ্গে অর্থায়ন চুক্তি নিয়ে হুয়াংয়ের সঙ্গে ক্রেস ও তাঁর দলের মতবিরোধ ছিল। এর একটি উদাহরণ ওহাইওতে ওপেনএআইয়ের ডেটা সেন্টার প্রকল্পে ২৫ হাজার কোটি ডলারের সহায়তা পরিকল্পনা, যা শেষ পর্যন্ত কমিয়ে ১২ হাজার কোটি ডলারে নামানো হয়। এসব সূত্রের মতে, ক্রেস ছিলেন সিদ্ধান্ত গ্রহণে ‘ভারসাম্য রক্ষাকারী’।

২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে ক্রেস মাইক্রোসফট, সিসকো ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসে কাজ করেছেন। পরিচিতরা তাঁকে শান্ত ও বাস্তববাদী বলে বর্ণনা করেছেন।

মুর ইনসাইটস অ্যান্ড স্ট্র্যাটেজির প্রধান বিশ্লেষক আনশেল সাগের মতে, বাজার শান্ত রাখতে ক্রেসকে দায়িত্ব দেওয়া যুক্তিসংগত। তবে দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় দূরদর্শী নেতৃত্বে তিনি তাঁকে মানানসই মনে করেন না।

হুয়াংয়ের সরে দাঁড়ানোর খবরে বৃহস্পতিবার এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ১৪ শতাংশ কমে যায়, যা প্রায় ১৬ মাসের মধ্যে সর্বনিম্ন। কোম্পানির পর্ষদ স্থায়ী সিইও নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। আলোচনায় আছেন এনভিডিয়ার নির্বাহী ইয়ান বাক, এএমডির লিসা সু ও আর্মের রেনে হাস।

ফোর্বসের হিসাবে, ২০২৬ সালের মাঝামাঝি ক্রেসের সম্পদ ছিল ১২০ কোটি ডলার।

আরও পড়ুন