তালিকায় অ্যানথ্রপিক, গুগল, মেটা, ওপেনএআই এবং স্পেসএক্স
এআই উন্নয়ন বন্ধের দাবিতে শীর্ষ ৫ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের প্রশিক্ষণ এবং ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখতে আদালতের হস্তক্ষেপ চেয়ে বিশ্বের শীর্ষ পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিজিটাল নিরাপত্তা ও ভোক্তা অধিকার বিষয়ক চারটি সংগঠনের একটি জোট।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে এই দেওয়ানি মামলাটি দায়ের করা হয়। মামলায় অ্যানথ্রপিক, গুগল, মেটা, ওপেনএআই এবং স্পেসএক্স—এই পাঁচটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান তাদের তৈরি এআই প্রযুক্তির কারণে সৃষ্ট ‘ভয়াবহ ক্ষতি’ প্রতিরোধ করতে পারছে না।
মামলাকারী সংগঠনগুলো হলো— ইররিপ্লেসেবল এডুকেশন ফান্ড, পাবলিক সিটিজেন, হিট ইনিশিয়েটিভ এবং অ্যালায়েন্স ফর সিকিউর এআই।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পরপরই এই আইনি পদক্ষেপ নেওয়া হলো। সিলিকন ভ্যালির ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর করার ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষেপ।
যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এআই-এর কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয়েছে।
মামলায় এআই-চালিত সাইবার হামলা এবং অন্যান্য ক্ষতিকর আচরণের প্রমাণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি কোম্পানিগুলোর নিজস্ব স্বীকারোক্তির কথাও উল্লেখ করা হয়েছে, যেখানে তারা বলেছে যে অনিয়ন্ত্রিত এআই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
সংগঠনগুলো পরবর্তী প্রজন্মের এআই মডেলগুলোর ওপর জরুরি নিষেধাজ্ঞা চেয়েছে এবং প্রযুক্তিটি সম্পূর্ণ মানুষের নিয়ন্ত্রণে আছে—তা প্রমাণ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এআই উন্নয়নের গতি কমানোর বিপক্ষে, কারণ তাঁর আশঙ্কা এতে চীন প্রযুক্তিগত দৌড়ে এগিয়ে যাবে।
তবে বাদী পক্ষের যুক্তি, ওয়াশিংটন যদি বেইজিংয়ের সাথে আলোচনা করে বৈশ্বিক নিয়ম ও আন্তর্জাতিক চুক্তি তৈরি করে, তবে উভয় দেশই সমানভাবে নিরাপদ থাকবে এবং কারও প্রতিযোগিতামূলক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে না।
কংগ্রেস এখন পর্যন্ত এআই নিয়ন্ত্রণে কোনো আইন পাস না করায় হতাশা প্রকাশ করে সংগঠনগুলো জানায়, নতুন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা দায়িত্ব নেওয়ার আগেই আদালতের মাধ্যমে এই বিপজ্জনক প্রতিযোগিতা থামানো জরুরি।