EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ক্যালিফোর্নিয়ার শিশু সুরক্ষা আইনের বিরুদ্ধে মামলা গুগল-মেটা-টিকটকের

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

ক্যালিফোর্নিয়ার শিশু সুরক্ষা আইনের বিরুদ্ধে মামলা গুগল-মেটা-টিকটকের

ক্যালিফোর্নিয়ার আইনের বিরুদ্ধে মামলা করেছে গুগল, মেটা ও টিকটক।

অ অ

ক্যালিফোর্নিয়ার নতুন শিশু সুরক্ষা আইন কার্যকর হওয়া ঠেকাতে বুধবার আলাদা আলাদা মামলা করেছে গুগল, মেটা ও টিকটক। ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি কমাতে করা আইনটিকে বাকস্বাধীনতার পরিপন্থী দাবি করে প্রযুক্তি জায়ান্টগুলো ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাসেম্বলি বিল ১৭০৯’ নামের এ আইন আদালতে স্থগিত বা বাতিল না হলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মামলাগুলো হয়েছে গুগলের পক্ষে স্যান হোসে, মেটার পক্ষে স্যান ফ্রান্সিসকো এবং টিকটকের পক্ষে লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে।

আইনে শিশুদের জন্য ‘মনস্তাত্ত্বিক শোষণে অনুপ্রাণিত করে’ এমন ফিচার যুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। এর আওতায় অ্যালগরিদমের মাধ্যমে ব্যক্তিগতকৃত সুপারিশ পাঠানো এবং ‘অটোপ্লে’ ফিচারে একটানা ভিডিও দেখানো বন্ধ হবে। এ ধরনের ফিচার থাকা শিশুদের পুরোনো অ্যাকাউন্টও মুছে ফেলতে হবে।

কোম্পানিগুলোর দাবি, আইনটি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে স্বীকৃত বাকস্বাধীনতার সুরক্ষা এবং ফেডারেল ‘কমিউনিকেশনস ডিসেন্সি অ্যাক্ট’-এর ২৩০ ধারা লঙ্ঘন করে। আইনটি কনটেন্ট উপস্থাপনায় রাষ্ট্রের পছন্দ চাপিয়ে দিচ্ছে এবং সন্তানের সুরক্ষায় মা-বাবার সিদ্ধান্তের অধিকার খর্ব করছে বলেও তারা মনে করে।

গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেছেন, পারিবারিক সিদ্ধান্তের জন্য মা-বাবাই সবচেয়ে উপযুক্ত। মেটার বক্তব্য, পোস্ট বাছাইয়ের সম্পাদকীয় সিদ্ধান্তে রাষ্ট্র প্রভাব খাটাতে পারে না। আর টিকটক বলেছে, কোনো ধারণা ক্ষতিকর মনে হলেই বাকস্বাধীনতা বন্ধ করা যায় না।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টার দপ্তর জানিয়েছে, তারা মামলার নথিগুলো পর্যালোচনা করছে এবং আইনটি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। গভর্নর গ্যাভিন নিউসম আইনটিতে সই করার সময় বলেছিলেন, অনিয়ন্ত্রিত প্রযুক্তি সন্তানদের ঝুঁকিতে ফেললে ক্যালিফোর্নিয়া চুপ করে বসে থাকবে না।

ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনসহ ডিজিটাল অধিকার সংগঠনগুলো আইনটিকে অতিমাত্রায় হস্তক্ষেপমূলক বলে সমালোচনা করেছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে। অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারে পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা রয়েছে।

আরও পড়ুন