আসছে চার গুণ দ্রুতগতির ব্লুটুথ, কী বদলাবে
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
ব্লুটুথ এলইর গতি ২ থেকে বেড়ে হচ্ছে ৭.৫ মেগাবিট।
ব্লুটুথ লো এনার্জি (এলই) ডিভাইসে ডেটা আদান-প্রদানের সর্বোচ্চ গতি প্রায় চার গুণ বাড়াতে নতুন ফিচার ‘ব্লুটুথ হাই ডেটা থ্রুপুট’ বা এইচডিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (এসআইজি)।
প্রযুক্তি সংবাদভিত্তিক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ব্লুটুথ কোর স্পেসিফিকেশনের ঐচ্ছিক ফিচার হিসেবে আসা এ প্রযুক্তিতে নতুন ফিজিক্যাল লেয়ার ও উন্নত মডুলেশন পদ্ধতির মাধ্যমে সর্বোচ্চ বিট রেট প্রতি সেকেন্ডে ২ মেগাবিট থেকে বাড়িয়ে ৭.৫ মেগাবিট করা হয়েছে।
একই সময়ে বেশি ডেটা বহনের সক্ষমতা থাকায় এ প্রযুক্তিতে উন্নতমানের ওয়্যারলেস অডিও এবং স্পেশাল ও মাল্টি-চ্যানেল অডিও অভিজ্ঞতা পাওয়া সহজ হবে। পাশাপাশি স্মার্টওয়াচের ফার্মওয়্যার আপডেট কিংবা ডিভাইসের মধ্যে ফিটনেস ডেটা সিংক করার কাজ আগের চেয়ে দ্রুত ও কম বাধায় সম্পন্ন হবে। বাড়তি ব্যান্ডউইথের কারণে ডেটা-নির্ভর এআই অ্যাপ্লিকেশনের সঙ্গেও ডিভাইসগুলো ভালোভাবে কাজ করতে পারবে।
এইচডিটি ২, ৩, ৪, ৬ ও ৭.৫ মেগাবিট—এ পাঁচটি গতিতে কাজ করে। ফলে সংকেতের মান অনুযায়ী ডিভাইস গতি সমন্বয় করতে পারবে। এ ছাড়া ত্রুটি সংশোধনের পদ্ধতি থাকায় ডেটা নষ্ট হলে পুরো ফাইল আবার পাঠাতে হবে না।
ব্লুটুথ এসআইজির হিসাবে, এখন কয়েক মেগাবাইটের ফাইল স্থানান্তরে প্রায় ১৬ সেকেন্ড লাগে, এইচডিটিতে তা চার সেকেন্ডের মধ্যে শেষ হতে পারে। তবে বাস্তবে গতি হার্ডওয়্যার ও সংযোগের অবস্থার ওপর নির্ভর করবে। এইচডিটি ব্লুটুথ এলইয়ের স্বল্প বিদ্যুৎ খরচের বৈশিষ্ট্য ধরে রাখে, কারণ দ্রুত স্থানান্তর শেষ হলে রেডিও দ্রুত নিষ্ক্রিয় অবস্থায় ফিরতে পারে।
নতুন ফিজিক্যাল লেয়ার লাগায় বর্তমান ফোন, ইয়ারবাড বা স্মার্টওয়াচ সফটওয়্যার আপডেটে এ গতি পাবে না। দুই প্রান্তের ডিভাইসেই নতুন রেডিও হার্ডওয়্যার প্রয়োজন হবে।
প্রযুক্তিটি সমর্থনকারী প্রথম ডিভাইসগুলো ২০২৭ সালের শুরুতে বাজারে আসতে পারে। আগামী জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) বা তার আগেই এসব ডিভাইসের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।