EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

নতুন বছরের শুরুতে বাজারে আসছে অ্যাপলের তিনটি নতুন আইপ্যাড মডেল

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

নতুন বছরের শুরুতে বাজারে আসছে অ্যাপলের তিনটি নতুন আইপ্যাড মডেল

ছবি: সংগৃহীত

অ অ

গত সপ্তাহে নতুন আইপ্যাড মিনি এবং অক্টোবরে আইপ্যাডের মতো দেখতে আইফোন ডুও বাজারে ছাড়ার পর, ২০২৭ সালের শুরুতেই অ্যাপল আরও তিনটি নতুন আইপ্যাড মডেল বাজারে আনতে পারে। ব্লুমবার্গের খ্যাতনামা প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই নতুন মডেলগুলো অ্যাপলের আইপ্যাড লাইনে থাকা বাকি ডিভাইসগুলোর ঘাটতি পূরণ করবে। যার মধ্যে রয়েছে বেস বা রেগুলার আইপ্যাড, টপ-অফ-দ্য-লাইন আইপ্যাড প্রো এবং মিড-রেঞ্জের আইপ্যাড এয়ার। 

প্রতিটি মডেলেই বেশ কিছু গুরুত্বপূর্ণ আপগ্রেড বা পরিবর্তন দেখা যাবে। প্রথমত, রেগুলার বা বেস আইপ্যাডটিতে যুক্ত হতে যাচ্ছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ব্যবহারের সুবিধা।

এর জন্য ডিভাইসটিতে এ১৯ প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের আপগ্রেড দেওয়া হবে। এছাড়াও এতে অ্যাপলের নিজস্ব নতুন এন১ চিপ এবং সি১এক্স মোডেম থাকবে, যা ওয়াই-ফাই ৭, সাব-সিক্স গিগাহার্জ ৫জি, দ্রুতগতির ইন্টারনেট স্পিড নিশ্চিত করার পাশাপাশি ব্যাটারির খরচ অনেকটাই কমিয়ে আনবে।

অন্যদিকে, আইপ্যাড এয়ার মডেলটিতে আইপ্যাড মিনির মতো একটি ওএলইডি ডিসপ্লে স্ক্রিন যুক্ত করা হবে এবং এর চিপসেটেও যথারীতি নতুন আপগ্রেড আসবে।

অ্যাপলের ফ্ল্যাগশিপ মডেল আইপ্যাড প্রো-তে বর্তমান এম৫ প্রসেসর পরিবর্তন করে আরও উন্নত নতুন এম৬ অথবা ভবিষ্যতের এম৭ চিপ ব্যবহার করা হতে পারে। বিশেষ করে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাজগুলো করার সময় প্রসেসর থেকে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়, তা নিয়ন্ত্রণের জন্য নতুন মডেলটিতে একটি উন্নত ‘ভেপার চেম্বার’ কুলিং সিস্টেম থাকবে, যা এর ভেতরের অংশকে দ্রুত ঠান্ডা রাখবে।

আইফোন ডুও এবং টাচস্ক্রিন সংবলিত নতুন ম্যাকবুক প্রো মডেলগুলো বাজারে আসার পর অ্যাপল তাদের এই নতুন আইপ্যাডগুলোকে কীভাবে উপস্থাপন করে, তাই দেখার বিষয়। কারণ এই ডিভাইসগুলো আইপ্যাডের বাজারেই এক ধরণের প্রতিযোগিতা তৈরি করতে পারে।

এমনকি রান্নাঘরের মতো জায়গাগুলোতে ব্যবহারের জন্য অনেক ক্রেতা আইপ্যাডের চেয়ে অ্যাপলের ‘হোমভিউ’ স্মার্ট ডিসপ্লেকে বেশি সুবিধাজনক মনে করতে পারেন।

তা সত্ত্বেও, অ্যাপল প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৬ কোটি আইপ্যাড বিক্রি করে। যার ফলে এই ডিভাইসগুলো এখনও তাদের মূল পণ্যের তালিকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়ে গেছে।

আরও পড়ুন