EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

ফ্যাশন অ্যাপ আনল মেটা, মিলবে ভার্চুয়াল ট্রায়াল

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

ফ্যাশন অ্যাপ আনল মেটা, মিলবে ভার্চুয়াল ট্রায়াল

মেটার নতুন এআই ফ্যাশন অ্যাপ ‘স্টাইল স্কেচ’। ছবি: মেটা

অ অ

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা সম্প্রতি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে সীমিত পরিসরে ‘স্টাইল স্কেচ’ নামে নতুন এআই ফ্যাশন অ্যাপ চালু করেছে। অ্যান্ড্রয়েড ও আইওএস, দুই প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে অ্যাপটি। ব্যবহারকারীর ছবি বিশ্লেষণ করে এটি একটি ভার্চুয়াল আলমারি তৈরি করে দেয়, যা দিয়ে পোশাকের সাজ-পরামর্শ ও ট্রায়াল দেখা যায়।

সামাজিক মাধ্যম কনসালট্যান্ট ম্যাট নাভারা এক্সে প্রথম অ্যাপটির আত্মপ্রকাশের খবর সামনে আনেন বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট। এর আগে ফিলিপিন্সে তামাগোচি ধাঁচের ভার্চুয়াল পোষা প্রাণীর অ্যাপ 'ওয়াডল ওয়ার্ল্ড' চালু করেছিল মেটা। ওয়াডল ওয়ার্ল্ড আপাতত শুধু ফিলিপিন্সের প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত।

স্টাইল স্কেচ ব্যবহারকারীর ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবি স্ক্যান করে ডিজিটাল আলমারি সাজায়। অ্যাকাউন্ট যুক্ত করতে না চাইলে ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড বা পোশাকের নতুন ছবি তুলেও এই সুবিধা নেওয়া যাবে।

এই আলমারির সাহায্যে পোশাকের আকর্ষণীয় কম্বিনেশনের পরামর্শ মিলবে। ব্যবহারকারীর দেহের গঠন ও ত্বকের রঙ অনুযায়ী তৈরি ভার্চুয়াল মডেলে পোশাক পরে ট্রায়ালও দেখা যাবে। নির্দিষ্ট পোশাক বেছে তার সঙ্গে মানানসই সাজ সাজানো, আবহাওয়া জানিয়ে পরামর্শ নেওয়া কিংবা ভ্রমণের আলাদা ট্রিপ প্ল্যান তৈরির নির্দেশও এআইকে দেওয়া যায়।

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের শুরুতে মেটা প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন, কোম্পানি আগের চেয়ে বেশি অ্যাপ বাজারে আনবে। এআই অ্যাপ তৈরির প্রক্রিয়া সহজ করায় এই নীতি নেওয়া হয়েছে। ছোট ছোট এসব অ্যাপের মাধ্যমে বিপুল মানুষকে মেটার এআই ব্যবহারে আগ্রহী করা এবং সেই ডেটা দিয়ে এআই সিস্টেম প্রশিক্ষণের সুযোগও তৈরি হয়।

ফ্যাশন খাতে এআই সুবিধা চালুর দৌড়ে মেটাই প্রথম নয়। গুগল ২০২৫ সাল থেকে এআই সার্চে ভার্চুয়াল পোশাক ট্রায়াল দিচ্ছে এবং এ বছর ফটোস অ্যাপে ছবি স্ক্যান করে পোশাকের ক্যাটালগ বানানোর ‘ওয়্যারড্রোব’ সুবিধা যোগ করেছে। ওপেনএআইও চ্যাটজিপিটিতে ছবি ও পছন্দের পোশাক আপলোড করে নিজেকে সেই পোশাকে দেখার ফিচার এনেছে।

আরও পড়ুন