EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

পিএইচপি ত্রুটিতে বন্ধ মাইগভ ডট বিডি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

পিএইচপি ত্রুটিতে বন্ধ মাইগভ ডট বিডি

ছবি: সংগৃহীত

অ অ

বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপি-র সর্বশেষ নিরাপত্তা ত্রুটির জেরে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পর এবার বন্ধ করা হয়েছে সরকারি সেবাদাতা অনলাইন প্ল্যাটফর্ম ‘মাইগভ’ (mygov.bd)। এটুআই-এর তথ্যমতে, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় হাজার মানুষ জরুরি প্রয়োজনে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।

আকস্মিক এই বন্ধের কারণে বিশেষ করে বিদেশগামী শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকেরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। গতকাল রবিবার (২৫ অক্টোবর) রাত থেকে কারিগরি সুরক্ষার স্বার্থে ওয়েবসাইটটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

এরপর থেকে ব্যবহারকারীরা সাইটটিতে প্রবেশ করতে গেলে পর্দায় ‘ওয়েব সার্ভার ইজ ডাউন’ বার্তা দেখতে পাচ্ছেন।


নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওয়েবসাইট দেখভালের দায়িত্বে থাকা ‘অ্যাসপায়ার টু ইনোভেটের’ (এটুআই) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পিএইচপি-র সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকি এড়াতে মাইগভ প্ল্যাটফর্মের সংস্করণ হালনাগাদ (আপডেট) করা হচ্ছে।

তিনি বলেন, “মাইগভের অধীনে অনেকগুলো ডোমেইন যুক্ত থাকায় সবগুলোকে একসাথে হালনাগাদ করতে হচ্ছে। নতুন সংস্করণে রূপান্তরের পর সেবাগুলো ঠিকঠাক কাজ করছে কি না, তা কয়েকটি ধাপে পরীক্ষা করা হবে। আশা করছি মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটটি পুনরায় চালু করা সম্ভব হবে।”

শুরুতে ওয়েবসাইটটি সচল রেখেই ব্যাক-এন্ডে কাজ করা হচ্ছিল, তবে সর্বোচ্চ সাইবার নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে পরবর্তীতে এটি পুরোপুরি বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নেয় কারিগরি দল।

মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রায় ৪৪০টি নাগরিক সেবা অনলাইনে দেওয়া হয়। এর মধ্যে ঘরে বসে অনলাইনে নথি ও শিক্ষাগত সনদ সত্যায়নের জনপ্রিয় মাধ্যম ‘ই-অ্যাপোস্টিল’ (e-Apostille) সেবা অন্যতম।

মাইগভের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক জরুরি ঘোষণায় রক্ষণাবেক্ষণের জন্য দুঃখ প্রকাশ করে সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টায় সাইটটি সচল করার কথা বলা হয়েছে। তবে ওই পোস্টের মন্তব্যের ঘরে ক্ষুব্ধ সেবাগ্রহীতারা বিকল্প বা ম্যানুয়াল কোনো ব্যবস্থা না রাখায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।

জরুরি প্রয়োজনে সময়মতো সনদ বা নথি সত্যায়ন করতে না পারায় অনেকেই তাঁদের ক্যারিয়ার বা উচ্চশিক্ষার আবেদন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটের মূল ভিত্তি পিএইচপি ল্যাঙ্গুয়েজে একটি মারাত্মক হ্যাকিং ঝুঁকি বা বাগ শনাক্ত হয়। এই ত্রুটিকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা সার্ভারের নিয়ন্ত্রণ নিয়ে তথ্য চুরি বা ক্ষতিকর কোড চালাতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেন।

এরই প্রেক্ষিতে বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি তথ্যভাণ্ডার সুরক্ষায় তোড়জোড় শুরু হয়। বাংলাদেশেও এর আগে ডিজিটাল ভূমিসেবা, বাংলাদেশ ব্যাংকসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রেখে এই নিরাপত্তা প্যাচ বা আপডেট নিশ্চিত করা হয়েছিল।

আরও পড়ুন