EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পিএম

পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

ছবি: সংগৃহীত

অ অ

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য সাইবার হামলা এড়াতে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ওয়েবসাইটটি চালু করতে কাজ করছে ব্যাংকটির আইটি টিম।

বিশ্বজুড়ে সফটওয়্যার ও ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি। এর পূর্ণরূপ হাইপারটেক্সট প্রি-প্রসেসর। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট তৈরিতে এই ভাষা ব্যবহৃত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলা চালানোর আশঙ্কায় বিশ্বজুড়ে ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। সম্ভাব্য হামলা এড়াতে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ঝুঁকির বিষয়টি আগেই আঁচ করতে পেরে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত চালু করতে আইটি টিম কাজ করছে।

অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সফটওয়্যার প্রকৌশলী সুমিত সাহার মতে, পিএইচপির নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে ভয়াবহ সাইবার হামলা চালানো সম্ভব। এ কারণে প্রোগ্রামিং ভাষা ও সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

সুমিত সাহা বলেন, প্রোগ্রামিং স্ক্রিপ্টের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশনের মেমোরির নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হলে সেখান থেকে ডেটাবেজে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। যেকোনো ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের গুরুত্বপূর্ণ অংশ হলো এর ডেটা। হ্যাকাররা সাধারণত এসব ডেটাকে লক্ষ্য করে। ডেটার নিয়ন্ত্রণ পেলে পুরো অ্যাপ্লিকেশনের নিয়ন্ত্রণ নেওয়ার ঝুঁকিও তৈরি হয়।


তিনি আরও বলেন, পিএইচপিতে সমস্যা শনাক্ত হওয়ার পর দ্রুত নিরাপত্তা প্যাচ বা সুরক্ষা হালনাগাদ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের ৩৬ হাজার সরকারি ওয়েবসাইট দেখভাল করে বাংলাদেশ সাইবার সুরক্ষা এজেন্সি। তবে এসব ওয়েবসাইট পিএইচপিনির্ভর নয় বলে আপাতত সেগুলো নিয়ে ঝুঁকি দেখছেন না সংস্থাটির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান।

তিনি বলেন, সরকারি ওয়েবসাইটগুলো পিএইচপিভিত্তিক না হওয়ায় বর্তমান দুর্বলতা থেকে সেগুলো ঝুঁকিমুক্ত। তবে যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট পিএইচপিনির্ভর, তাদের সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা দুর্বলতা মোকাবিলায় প্রকাশিত প্যাচ বা সুরক্ষা হালনাগাদ সম্পর্কে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

আরও পড়ুন