অ্যামাজনকে টেক্কা দেবে ইউটিউবের নতুন ফিচার
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
অডিওবুকের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে ইউটিউব। ছবি: সংগৃহীত
স্পটিফাই ও অ্যামাজনের অডিবলকে টেক্কা দিতে অডিওবুকের বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের শুরুতেই এ ফিচার উন্মোচন করতে পারে প্ল্যাটফর্মটি।
নতুন সেবা চালুর বিষয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন বই প্রকাশকের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইউটিউব। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
বর্তমানে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বইয়ের অডিও সংস্করণ পাওয়া যায়। এর কিছু স্বত্বমুক্ত হলেও বড় অংশই অনুমতি ছাড়া আপলোড করা। এআইয়ের রোবোটিক কণ্ঠে অননুমোদিত অডিওবুক প্রকাশের প্রবণতাও উদ্বেগজনকভাবে বেড়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, মাসিক ১৬ ডলারের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের সঙ্গে সুবিধাটি যুক্ত করার পরিকল্পনা চলছে। প্রকল্প এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় গ্রাহকেরা আনলিমিটেড শুনতে পারবেন, নাকি আলাদাভাবে বই কিনতে হবে, তা চালুর পরই স্পষ্ট হবে। সাফল্য নির্ভর করবে সংগ্রহে থাকা বইয়ের সংখ্যা ও প্রতিযোগীদের তুলনায় দামের ওপর।
এ বাজারে স্পটিফাই ও অডিবল আগেই শক্ত অবস্থান গড়েছে। স্পটিফাইয়ের প্রিমিয়াম গ্রাহকেরা মাসে ১৫ ঘণ্টা অডিওবুক শোনার সুযোগ পান। অতিরিক্ত ১২ ডলারে ‘অডিওবুকস প্লাস’ যোগ করলে আরও ১৫ ঘণ্টা মেলে। এ ছাড়া মাসে ১০ ডলারের আলাদা ‘অডিওবুকস অ্যাকসেস’ প্ল্যানও রয়েছে। ওয়েব প্লেয়ারে এককভাবে বই কেনারও সুযোগ আছে।
অন্যদিকে অডিবলের ৯ ডলারের ‘স্ট্যান্ডার্ড’ মেম্বারশিপে মাসে একটি বই শোনা যায়। ১৫ ডলারের প্রিমিয়াম সদস্যরা প্রতি মাসে একটি ক্রেডিট পান, যা দিয়ে কেনা বই নিজের কাছে রাখা যায়। একই সঙ্গে পুরো ক্যাটালগ থেকে আনলিমিটেড শোনার সুবিধাও থাকে। এমন প্রতিযোগিতাপূর্ণ বাজারে বিশাল ব্যবহারকারী ভিত্তি কাজে লাগিয়ে ইউটিউব কীভাবে জায়গা করে নেয়, সেটাই এখন দেখার বিষয়।