EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

রাস্তায় চলবে, শূন্যেও ঘুরবে—চমক থাকবে টেসলার নতুন গাড়িতে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ এএম

রাস্তায় চলবে, শূন্যেও ঘুরবে—চমক থাকবে টেসলার নতুন গাড়িতে

ছবি: সংগৃহীত

অ অ

রাস্তায় চলার পাশাপাশি শূন্যে ঘুরে আবার মাটিতে নামতে পারবে টেসলার নতুন প্রজন্মের রোডস্টার। রকেটের মতো থ্রাস্টারযুক্ত এই বৈদ্যুতিক গাড়িটি উন্মোচন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। তবে গাড়িটির উৎপাদন শুরু হবে ২০২৮ সালে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অনুষ্ঠানে নতুন রোডস্টারটি উন্মোচন করা হয়। টেসলা ও মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স যৌথভাবে গাড়িটি তৈরি করেছে।

অনুষ্ঠানে সাদা রঙের দুই আসনের গাড়িটি কয়েকটি কৌশল দেখায়। বিশেষ ব্যবস্থায় এটি একটি অর্ধবৃত্তাকার র‌্যাম্পের ওপর উল্টোভাবে চলে। এরপর শূন্যে ঘুরে থ্রাস্টারের সাহায্যে মাটিতে নামে। পরে একটি ট্রাকসহ অন্য গাড়ির ওপর দিয়েও লাফিয়ে যায়।

টেসলার গাড়ি প্রকৌশল বিভাগের প্রধান লার্স মোরাভি জানান, গাড়িটি ঘণ্টায় শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতিতে পৌঁছাতে এক সেকেন্ডেরও কম সময় নিতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩৭০ কিলোমিটারের বেশি। একবার চার্জ দিলে এটি ৪৮০ কিলোমিটারেরও বেশি চলতে পারবে।

গাড়িটির দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে টেসলার ওয়েবসাইটে ‘পারফরম্যান্স’ সংস্করণের জন্য ৫০ হাজার ডলার এবং থ্রাস্টারযুক্ত ‘থ্রাস্ট’ সংস্করণের জন্য ২ লাখ ৫০ হাজার ডলার জমা দিয়ে বুকিংয়ের কথা বলা হয়েছে। ‘রকেট’ সংস্করণটি পাওয়া যাবে আমন্ত্রণের ভিত্তিতে। এতে একজনের বসার ব্যবস্থা ও বিশেষ উড্ডয়নব্যবস্থা থাকবে।

২০১৭ সালে দ্বিতীয় প্রজন্মের রোডস্টারের নমুনা দেখিয়েছিল টেসলা। তখন ২০২০ সালে গাড়িটি সরবরাহ শুরুর কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। এবার উৎপাদন শুরুর নতুন সময় হিসেবে ২০২৮ সালের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

টেসলা বর্তমানে চালকবিহীন গাড়ি ও রোবট তৈরিতে বেশি মনোযোগ দিচ্ছে। এমন সময়ে নতুন রোডস্টারটি উন্মোচন করা হলো, যখন প্রতিষ্ঠানটির আয়, মুনাফা ও নগদ অর্থের হিসাব নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে। আগামী ২১ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা টেসলার।

আরও পড়ুন