অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপে কল, কীভাবে সম্ভব?
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম
অ্যাকাউন্ট ছাড়াই হোয়াটসঅ্যাপ কলে যোগ দেওয়া যাবে। ছবি: সংগৃহীত
অ্যাকাউন্ট না থাকলেও এবার হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কলে যোগ দেওয়া যাবে। নিবন্ধিত নন, এমন মানুষের সঙ্গে যোগাযোগ সহজ করতে ‘গেস্ট কলিং’ নামের নতুন ফিচার ঘোষণা করেছে মেটা। ফিচারটি কাজ করবে অ্যাপলের ফেইসটাইমের মতো, যেখানে অ্যাপল অ্যাকাউন্ট বা ডিভাইস ছাড়াই কলে যোগ দেওয়া যায়। প্রযুক্তি সংবাদভিত্তিক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিয়মিত ব্যবহারকারীদের সব সুবিধা অতিথিরা পাবেন না। গেস্ট হিসেবে কেউ নিজে থেকে কল শুরু করতে পারবেন না। অন্যের পাঠানো আমন্ত্রণ পেলেই কেবল কলে যুক্ত হওয়া যাবে। কলে ঢোকার আগে হোস্টকে, অর্থাৎ যিনি কল শুরু করেছেন, তাঁকে অনুমতি দিতে হবে।
কলে যোগ দেওয়ার পর অতিথিরা অন্য অংশগ্রহণকারীদের ফোন নম্বর দেখতে পারবেন না। কাউকে বার্তা পাঠানো বা নতুন কাউকে কলে যোগ করাও তাঁদের জন্য বন্ধ থাকবে।
যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে দ্বিপাক্ষিক বা গ্রুপ কলে যোগ দেওয়া যাবে। অনুমতি পেলে স্ক্রিন শেয়ার করা, হাত তোলা এবং থাম্বস আপ বা হার্ট ইমোজি পাঠানোর মতো টুল ব্যবহার করা যাবে। গেস্টদের কলে থাকার জন্য আলাদা কোনো সময়সীমা থাকবে না।
আসছে ক্যালেন্ডার প্লাগইন
কলিং আরও সহজ করতে নতুন একটি প্লাগইন আনার পরিকল্পনা করছে মেটা। এর মাধ্যমে নিজের ক্যালেন্ডার সরাসরি হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত করা যাবে। মেটার ভাষ্য অনুযায়ী, এ বছরের শেষ দিকে ফিচারটি চালু হলে গুগল বা আউটলুক ক্যালেন্ডার থেকেই সরাসরি হোয়াটসঅ্যাপ কল করা সম্ভব হবে।
চলতি বছর হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন সুবিধা যুক্ত হয়েছে। এর বেশির ভাগের লক্ষ্য প্ল্যাটফর্মটিকে আরও সহজলভ্য, নিরাপদ ও ব্যবসায়িক ব্যবহারের উপযোগী করা। ইউজারনেইম সুবিধা চালুর ফলে ফোন নম্বর গোপন রেখেই যোগাযোগ করা যাচ্ছে। এ ছাড়া এনক্রিপ্টেড ওয়েব কলিং এবং আইপ্যাড থেকে সরাসরি অ্যাকাউন্ট খোলার সুবিধাও এসেছে। মেসেজ সিডিউল করে রাখার মতো আরও সুবিধা শিগগিরই যোগ হতে পারে বলে আভাস মিলছে।