EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

সাত দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৬ এএম

সাত দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা

মেটার প্ল্যাটফর্মে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ হয়েছে সাত দেশে। ছবি: সংগৃহীত

অ অ

ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেটার এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানান। ফলে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক বিজ্ঞাপন মেটার প্ল্যাটফর্মগুলোতে আর চালানো যাবে না। নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এসব দেশে তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতারা টিকটক ও বাইটড্যান্সের অন্যান্য সেবার লিংকযুক্ত বিজ্ঞাপন প্রচার করতে পারবেন না।

মেটা বলেছে, প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠানের এমন বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন নেই, যার লক্ষ্য ব্যবহারকারীদের তাদের অ্যাপ থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া। প্রতিষ্ঠানটির ভাষ্য, প্রতিযোগীর প্রচারণামূলক সেবা না দেওয়া বিভিন্ন শিল্প খাতে স্বাভাবিক ব্যবসায়িক চর্চা। পণ্যের মান ও ব্যবহারকারীর অভিজ্ঞতার ভিত্তিতেই তারা প্রতিযোগিতা চালিয়ে যাবে।

রয়টার্স মন্তব্য চাইলেও টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। টিকটকের ওয়েবসাইটে বলা আছে, অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ খুলে দেওয়া বা সেখানে লগইন করানোর মতো লিংক তারা সমর্থন করে না। তবে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইলে অন্য প্ল্যাটফর্মের ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন।

সাম্প্রতিক সময়ে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নিরাপত্তা নিয়ে টিকটক ও ইউটিউবের ওপর চাপ বাড়িয়েছে মেটা। গত আগস্টে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যের মামলায় সমঝোতায় পৌঁছায় প্রতিষ্ঠানটি। এরপর ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু-কিশোরদের দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণ, রাতে ব্যবহার সীমিত করা এবং বয়সসীমা নির্ধারিত কনটেন্টে প্রবেশ ঠেকানোর ব্যবস্থা জোরদারে সম্মত হয় মেটা।

সেপ্টেম্বরে আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে সমঝোতায় পৌঁছায় টিকটকও। এর আওতায় প্ল্যাটফর্মটিকে ব্যবহারের সময়সীমা নির্ধারণ ও বয়স যাচাইয়ের ব্যবস্থা জোরদার করতে হবে। যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা এবং অ্যাপটি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে একটি চুক্তির পর টিকটক এখন সংখ্যাগরিষ্ঠ মার্কিন মালিকানাধীন যৌথ উদ্যোগ হিসেবে চলছে। মেটার এ নিষেধাজ্ঞার খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ।

আরও পড়ুন