সাইবার হামলার শিকার পাঠাও, হাতিয়ে নেওয়া হয়েছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য
৪ অক্টোবর সাইবার নিরাপত্তা-সংক্রান্ত এ ঘটনা ঘটে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৪ এএম
ছবি সংগৃহীত
রাইড শেয়ারিং ও ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও জানিয়েছে, সাইবার হামলার ঘটনায় ব্যবহারকারীদের কিছু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর।
বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে পাঠাও জানায়, ৪ অক্টোবর সাইবার নিরাপত্তা-সংক্রান্ত এ ঘটনা ঘটে। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। পরে সেবাগুলো পুনরায় চালু করা হলেও সিস্টেম স্থিতিশীল করার কাজ চলায় কিছু ব্যবহারকারী সাময়িক সমস্যায় পড়তে পারেন।
পাঠাও জানিয়েছে, ‘কিছু ব্যক্তিগত তথ্য, যার মধ্যে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর রয়েছে, দুর্বৃত্তদের হাতে গেছে।’
তবে কতজন ব্যবহারকারী এতে আক্রান্ত হয়েছেন বা কীভাবে হামলাকারীরা পাঠাওয়ের সিস্টেমে প্রবেশ করেছে, তা জানায়নি প্রতিষ্ঠানটি। পাসওয়ার্ড, পেমেন্টের তথ্য, পরিচয়পত্র বা অন্য কোনো সংবেদনশীল তথ্য হাতানো হয়েছে কি না, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি পাঠাও।
সাইবার হামলার ঘটনায় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়টি এটিই পাঠাওয়ের প্রথম প্রকাশ্য স্বীকারোক্তি।
ব্যবহারকারীদের সতর্ক করে পাঠাও বলেছে, প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে আসা কোনো অনাকাঙ্ক্ষিত বার্তা, ফোনকল বা লিংকের বিষয়ে সতর্ক থাকতে হবে। এসব যোগাযোগের মাধ্যমে কখনোই পাসওয়ার্ড, পিন বা ওটিপি দেওয়া যাবে না।
