EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল মেসেজে যুক্ত হলো নতুন ‘লং-প্রেস মেনু’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৭ পিএম

গুগল মেসেজে যুক্ত হলো নতুন ‘লং-প্রেস মেনু’

ছবি: সংগৃহীত

অ অ

স্মার্টফোন ব্যবহারকারীদের মেসেজিং অভিজ্ঞতা আরও সহজ, গতিশীল ও আকর্ষণীয় করতে নতুন ফিচার নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। ১ অক্টোবর ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে গুগল মেসেজ অ্যাপে একটি আধুনিক ও উন্নত ‘লং-প্রেস মেনু’ আপডেট চালু করা হয়েছে।

এই নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের নিয়মিত ব্যবহৃত প্রয়োজনীয় অপশনগুলোকে একটি সুনির্দিষ্ট মেনুর মধ্যে একত্রিত করা হয়েছে। নতুন এই ইন্টারফেস ডিজাইনটি ফোনের লাইট ও ডার্ক- উভয় মোডেই অত্যন্ত নিখুঁতভাবে কাজ করে। পাশাপাশি ল্যান্ডস্কেপ (স্ক্রিন আড়াআড়ি করে) ব্যবহারের ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের বাড়তি সুবিধা প্রদান করবে।

নতুন এই পরিবর্তনের অন্যতম প্রধান ও কাঙ্খিত ফিচার হলো- এখন থেকে ব্যবহারকারীরা পুরো মেসেজ কপি করার পরিবর্তে মেসেজের নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে কপি করতে পারবেন। এর ফলে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে শুধু দরকারি টেক্সটটুকু কপি করা যাবে, যা ব্যবহারকারীদের সময় সাশ্রয় করবে।

চ্যাট বক্সে কোনো মেসেজের ওপর ট্যাপ করে ধরে রাখলে এখন থেকে রিপ্লাই, ফরওয়ার্ড, কপি, স্টার, ডিলিট, সিলেক্ট মোড এবং ইনফো অপশন পাওয়া যাবে। কোনো ছবির ওপর লং-প্রেস করলে সাধারণ অপশনগুলোর পাশাপাশি অতিরিক্ত দুটি ফিচার যুক্ত হবে- রিমিক্স এবং সেভ।

মেসেজের নির্দিষ্ট অংশ সিলেক্ট করার পর একটি আলাদা পপ-আপ মেনু ভেসে উঠবে। সেখান থেকে ব্যবহারকারী সরাসরি কপি, ট্রান্সলেট এবং সিলেক্ট অল করার সুযোগ পাবেন।

ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে উন্নত করতে গুগল এতে নতুন অ্যানিমেশন যুক্ত করেছে। চ্যাটের সর্বশেষ মেসেজটি সিলেক্ট করলে স্ক্রিনে একটি চমৎকার অ্যানিমেশন ও ফোনে হালকা ভাইব্রেশন অনুভূত হবে। একই সঙ্গে নির্বাচিত মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের ঠিক মাঝখানে চলে আসবে, যাতে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন ঠিক কোন মেসেজটি সিলেক্ট হয়েছে।

১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী আপডেটটি পর্যায়ক্রমে চালু করা শুরু হয়েছে। যদি আপনার স্মার্টফোনে এখনও এই নতুন ফিচারগুলো যুক্ত না হয়ে থাকে, তবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিতে হবে। এরপরও মেনুটি না আসলে ফোনের সেটিংস থেকে গুগল মেসেজ অ্যাপটি 'Force Stop' করে পুনরায় চালু করলে নতুন এই আপডেটটি সক্রিয় হয়ে যেতে পারে।

আরও পড়ুন