EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

৯ অক্টোবর ওসলোতে চলতি বছরের শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করবে

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম

নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন

নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রার্থীর তালিকায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। ছবি: রয়টার্স

অ অ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবার নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য প্রাপকদের আলোচনায় জায়গা করে নিয়েছে। আগামী শুক্রবার, ৯ অক্টোবর অসলোতে নরওয়ের নোবেল কমিটি ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্য থেকে বিজয়ীর নাম ঘোষণা করবে। বহুপক্ষীয় সহযোগিতার ওপর চাপ বাড়ার সময়ে মহাকাশ স্টেশনটিকে আন্তর্জাতিক সহযোগিতার বিরল প্রতীক মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে, নোবেল কমিটি সাধারণত দীর্ঘস্থায়ী শান্তি, আন্তর্জাতিক ভ্রাতৃত্ব এবং বৈশ্বিক সংকট নিরসনে কাজ করা প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে প্রাধান্য দেয়। ওসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাকন গেরলভের মতে, পৃথিবীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা চরমে থাকলেও মহাকাশে বিভিন্ন দেশের নভোচারীদের যৌথ গবেষণা এক বিরল দৃষ্টান্ত। তাই বহুপক্ষীয় সহযোগিতার ওপর চাপ বাড়ার এই সময়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিশ্ব শান্তির একটি অনন্য প্রতীক হয়ে উঠেছে।

দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অসলোভিত্তিক পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হাকন গেরলভের বিবেচনায় আরও আছে ইউক্রেনের শিশু অধিকারকর্মী মিকোলা কুলেবা, সেভ দ্য চিলড্রেন, সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এবং আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত।

ট্রাম্প প্রকাশ্যেই পুরস্কারটি পাওয়ার ইচ্ছা জানিয়েছেন। তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর তাঁর প্রার্থিতা বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির বিরোধিতাসহ আন্তর্জাতিক নানা ইস্যুতে সক্রিয় অবস্থানের কারণে আলোচনায় এসেছেন কার্নি। গত বছরের বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো ট্রাম্পকে নিজের পুরস্কার দেওয়ার ঘটনাও এবারের আলোচনায় প্রভাব ফেলছে বলে মনে করেন গেরলভ।

পুতিন ও নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে আন্তর্জাতিক অপরাধ আদালত সমালোচনা ও সমর্থন, দুটোরই মুখে আছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে আদালতটির সমালোচক। জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর বিরুদ্ধে অভিযান শুরুর ঘোষণা দেন।

ব্যক্তিগতভাবে পুরস্কার পাওয়া ১১২ জনের মধ্যে নারী মাত্র ২০ জন। এবারের আলোচনায় আছেন গাজার শল্যচিকিৎসক সারা আল-সাক্কা ও আলেক্সেই নাভালনির বিধবা ইউলিয়া নাভালনায়া।

পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলার। নোবেল সপ্তাহ শুরু হবে সোমবার চিকিৎসাবিজ্ঞান দিয়ে। শুক্রবার শান্তি এবং ১২ অক্টোবর অর্থনীতির পুরস্কার ঘোষণা হবে।

আরও পড়ুন