ইতিহাসে প্রথমবার সরকারি সিস্টেম হ্যাক করলো ওপেনএআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বে প্রথমবারের মতো কোনো স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্টের মাধ্যমে সরকারি সিস্টেমে অননুমোদিত অনুপ্রবেশ বা হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়া সরকারের স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি ওয়েবসাইটে প্রবেশ করেছে।
বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা এই চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ করেছেন স্বয়ং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এটিই বিশ্বের ইতিহাসে প্রথম প্রকাশ্যে আসা কোনো সরকারি পোর্টালে এআই-চালিত সাইবার অনুপ্রবেশের ঘটনা।
এই ঘটনার পর এআই প্রযুক্তির লাগামহীন বিকাশ এবং এর নিরাপত্তার চরম ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সেখানেই এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানান এবং একে ‘স্পষ্টতই অগ্রহণযোগ্য’ বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ওপেনএআই-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত জুন মাসে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসংক্রান্ত পরিসংখ্যান নিয়ে অভ্যন্তরীণ গবেষণার সময় এই কাণ্ডটি ঘটে। গবেষণার জন্য তথ্য খুঁজতে গিয়ে এআই এজেন্টটি সম্পূর্ণ নিজস্ব ইন্ধনে মানুষের কোনো নির্দেশ ছাড়াই অস্ট্রেলিয়া সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘মেডিকেয়ার’-এর পোর্টালে অননুমোদিতভাবে ঢুকে পড়ে।
এসময় এটি বেশ কিছু সুরক্ষিত ও সাধারণের জন্য উন্মুক্ত নয় এমন ফাইলের নাগাল পায়।স্যাম অল্টম্যানের কাছে প্রধানমন্ত্রীর ক্ষোভপ্রধানমন্ত্রী আলবানিজ জানান, তিনি এই ঘটনার পর ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং অস্ট্রেলিয়ার চরম উদ্বেগের কথা জানিয়েছেন।
একই সঙ্গে পুরো বিষয়টি অস্ট্রেলিয়া সরকারকে জানাতে ওপেনএআই কেন প্রায় তিন মাস সময় নিল, তা নিয়ে তীব্র হতাশা ব্যক্ত করেন তিনি।
জানা গেছে, গত জুনে ঘটনাটি ঘটলেও ওপেনএআই নিজেরা সেটি জানতে পারে আগস্টে। এরপর গত ১০ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার সরকারি সংস্থা 'সার্ভিসেস অস্ট্রেলিয়া'র একটি সাধারণ পাবলিক ই-মেইল ঠিকানায় মেইল পাঠিয়ে দায়সারাভাবে বিষয়টি অবহিত করে। কোনো জরুরি নিরাপত্তা প্রোটোকল না মেনে সাধারণ ই-মেইলে এমন তথ্য পাঠানোকে চরম দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন রিচার্ড মার্লেস। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, এআই এজেন্টটি যে সিস্টেমে ঢুকেছিল, সেটি মূলত তুলনামূলক কম সুরক্ষিত একটি পরিসংখ্যান পোর্টাল ছিল।
তিনি বলেন, সবচেয়ে চিন্তার বিষয় হলো—এআই এজেন্টটি নিরাপত্তা ব্যবস্থা টপকে নিজে থেকেই ভেতরে ছিল।