EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

পরিবারের কাজ গোছাতে গুগলের নতুন এআই ‘সিসি’

শেয়ার্ড ক্যালেন্ডার, টাস্ক লিস্ট ও দৈনিক সারসংক্ষেপে পরিবারের রুটিন সামলাবে গুগলের নতুন পরীক্ষামূলক এআই।

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম

পরিবারের কাজ গোছাতে গুগলের নতুন এআই ‘সিসি’

গুগলের পরীক্ষামূলক এআই প্ল্যাটফর্ম ‘সিসি’ পরিবারের দৈনন্দিন কাজ ও রুটিন গুছিয়ে রাখবে।

অ অ

পরিবারের সদস্যদের দৈনন্দিন কাজ ও রুটিন গোছাতে ‘সিসি’ নামে নতুন একটি পরীক্ষামূলক এআই প্ল্যাটফর্ম এনেছে গুগল। শেয়ার করা তথ্য, ক্যালেন্ডার ও রুটিন ব্যবস্থাপনার মাধ্যমে এটি পুরো পরিবারকে এক জায়গায় যুক্ত রাখবে। প্রাথমিক পরীক্ষকদের অনুরোধে গুগল প্রজেক্টটিকে পরিবারকেন্দ্রিক অর্গানাইজার হিসেবে নতুন রূপ দিচ্ছে।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এজেন্টিক এআই প্ল্যাটফর্মটির নিজস্ব গুগল অ্যাকাউন্ট রয়েছে। সেখানে পরিবারের সর্বোচ্চ ছয়জন সদস্য নিজেদের তথ্য শেয়ার করতে পারবেন।

গুগল জানিয়েছে, কোন কোন ইমেইল এজেন্টের সঙ্গে শেয়ার করা হবে, তা প্রত্যেক ব্যবহারকারী নিজে বেছে নিতে পারবেন। প্রয়োজনে তাঁরা যেকোনো একটি বার্তা ফরোয়ার্ড করতে পারবেন। চাইলে নির্দিষ্ট কিছু ইমেইল ঠিকানাও সেট করে দিতে পারবেন। ওই ঠিকানার মেইল স্বয়ংক্রিয়ভাবে সবসময় সিসি অ্যাকাউন্টে চলে যাবে।

সিসি শেয়ার্ড ক্যালেন্ডার ও টাস্ক লিস্ট তৈরি করে, যা পরিবারের সব সদস্য দেখতে পাবেন। এ ছাড়া আসন্ন ইভেন্ট ও করণীয় কাজের তথ্যসহ দৈনিক সারসংক্ষেপ সব অংশগ্রহণকারীকে পাঠিয়ে দেবে প্ল্যাটফর্মটি।

কাগজপত্র সাজানো, রেজিস্ট্রেশন ফরম পূরণ ও শপিং লিস্ট তৈরির মতো কাজও সিসির মাধ্যমে সামলানো সম্ভব। তবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ব্যবহারকারীর অনুমতি নিতে টুলটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

ব্যবহারকারীরা ড্রাইভ ফোল্ডারে ‘সিসি’ যোগ করতে পারবেন। চাইলে এআই এজেন্টের সঙ্গে নির্দিষ্ট কিছু ফাইলও শেয়ার করতে পারবেন। এ ছাড়া একটি ডেডিকেটেড গুগল চ্যাট উইন্ডোর মাধ্যমে সরাসরি এর সঙ্গে যোগাযোগ করা যাবে।

গুগল তাদের ‘এফএকিউ’তে এআই এজেন্টের প্রাইভেসি ও সুরক্ষা নিয়ে কিছু সীমাবদ্ধতার কথা জানিয়েছে। সিসি চাইলেই পরিবারের কোনো সদস্যকে যোগ বা বাদ দিতে পারবে না। সদস্যদের ব্যক্তিগত ইনবক্সে প্রবেশ করা বা সেখানে সার্চ করার ক্ষেত্রেও এর ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

গুগল গত ডিসেম্বরে টুলটি প্রথম পরীক্ষামূলকভাবে চালু করেছিল। তবে এ বছরের শুরুতে এর নাম বদলে কোম্পানির ‘ডেইলি ব্রিফিং’ ফিচার হিসেবে রূপান্তর করা হয়।

যাঁরা আগে থেকেই সিসি ব্যবহার করছেন, গুগল তাঁদের প্রম্পটের মাধ্যমে অ্যাকাউন্ট আপগ্রেড করার আমন্ত্রণ জানাবে। নতুন এসব টুল ব্যবহার করে দেখার আমন্ত্রণও তাঁরা পাবেন।

অন্যদিকে, যাঁরা দৈনন্দিন পরিকল্পনা ও গোছগাছের কাজ এই এজেন্টিক পদ্ধতিতে আউটসোর্স করতে চান, তাঁদের জন্য বর্তমানে একটি ওয়েটলিস্ট বা অপেক্ষমান তালিকা রেখেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।

আরও পড়ুন