EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্ট চশমায় ভিডিও ধারণ, গোপনীয়তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ডেইলি সান রিপোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

স্মার্ট চশমায় ভিডিও ধারণ, গোপনীয়তা নিয়ে বাড়ছে উদ্বেগ
অ অ

স্মার্ট চশমার ব্যবহার দ্রুত বাড়ছে। মুঠোফোন ছাড়াই এই চশমা দিয়ে কথা বলা যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা সুবিধাও ব্যবহার করা যায়। চশমায় থাকা ক্যামেরা দিয়ে ছবি ও ভিডিও ধারণের সুযোগও রয়েছে।

তবে নতুন এই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে গোপনীয়তা নিয়ে প্রশ্নও জোরালো হচ্ছে। বিশেষ করে মানুষের অজান্তে প্রকাশ্যে ভিডিও ধারণের বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

স্মার্ট চশমার বাজারে বর্তমানে মেটার তৈরি রে-ব্যান চশমা বেশ জনপ্রিয়। মেটার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭০ লাখের বেশি জোড়া এই চশমা বিক্রি হয়েছে।

যুক্তরাজ্যের প্রায় ৮০০টি পানশালা পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়েদারস্পুনস তাদের পানশালায় এই চশমা দিয়ে ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে। নারীর অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোও স্মার্ট চশমার অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়েছে।

বেলফাস্টের ৩১ বছর বয়সী পিয়ার্স ভ্যালেলি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করেন। তিনি মেটার রে-ব্যান স্মার্ট চশমা ব্যবহার করেন। সাধারণত রাস্তায় হাঁটার সময় পথচারীদের সঙ্গে তার কথোপকথনের ভিডিও ধারণ করেন তিনি। বেলফাস্ট শহরের এমন একটি ভিডিও টিকটকে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।

ভ্যালেলি বলেন, তিনি প্রযুক্তিটি ইতিবাচকভাবে ব্যবহার করেন। কারও আপত্তি থাকলে সেই ভিডিও প্রকাশ করেন না। ভিডিওতে যাদের দেখা যায়, তাঁদের নিয়ে হাসাহাসি করার উদ্দেশ্যও থাকে না বলে জানান তিনি।

রে-ব্যান স্মার্ট চশমায় থাকা ক্যামেরা স্পর্শের মাধ্যমে চালু করা যায়। ভিডিও ধারণের সময় চশমায় একটি সাদা আলো জ্বলে ওঠে। এর মাধ্যমে আশপাশের মানুষকে ভিডিও ধারণের বিষয়টি জানানোর চেষ্টা করা হয়।

মেটা জানিয়েছে, সম্প্রতি চশমাটিতে পরিবর্তন আনা হয়েছে। ক্যামেরার সংকেত দেওয়ার আলোতে কারসাজি করা হলে ক্যামেরা কাজ করবে না। অর্থাৎ ভিডিও ধারণের সময় আলোটি যাতে ঠিকভাবে সংকেত দেয়, সে বিষয়টি নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে।

তবে বাস্তবে আশপাশের মানুষ সব সময় বুঝতে পারেন কি না, সেটিই বড় প্রশ্ন। ভ্যালেলি বলেন, অনেক সময় চশমার আলো দেখে মানুষ বুঝতে পারেন যে ভিডিও ধারণ করা হচ্ছে। সুযোগ পেলে ভিডিও ধারণের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে বিষয়টি জানান তিনি।

তবে স্মার্ট চশমার কিছু উপকারিতাও রয়েছে। বেলফাস্টের চক্ষু বিশেষজ্ঞ জিওফ ম্যাককনভিল বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী বয়স্ক ব্যক্তিদের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ হতে পারে।

চশমাটির এআই-ভিত্তিক সুবিধা ব্যবহার করে লেখা পড়ে শোনানো যায়। সংবাদপত্রের লেখা বা রাস্তার সাইনবোর্ডের তথ্যও শোনার সুযোগ রয়েছে। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন কাজে এটি সহায়ক হতে পারে।

মেটা বলেছে, দৃষ্টিপ্রতিবন্ধী বা শ্রবণপ্রতিবন্ধী মানুষের জন্য এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ নতুন সুযোগ তৈরি করছে। তবে যেসব জায়গায় ভিডিও ধারণ করা উচিত নয়, সেখানে নিষেধাজ্ঞা থাকা স্বাভাবিক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেছেন, কেউ যদি অন্যের ক্ষতি বা হয়রানির উদ্দেশ্যে ভিডিও প্রকাশ করেন, তাহলে সেই ভিডিও সরিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন