EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

এআই দিয়ে ভুয়া সাক্ষ্য বানিয়ে শাস্তির মুখে আইনজীবী

মামলার আপিলে চ্যাটজিপিটি দিয়ে মনগড়া সাক্ষ্য বানানোয় আদালত অবমাননার দায়ে অভিযুক্ত আইনজীবী স্টিফেন অ্যারন্স

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পিএম

এআই দিয়ে ভুয়া সাক্ষ্য বানিয়ে শাস্তির মুখে আইনজীবী

চ্যাটজিপিটির তৈরি ভুয়া সাক্ষ্য আদালতে দাখিল করায় জরিমানার মুখে পড়েছেন আইনজীবী স্টিফেন অ্যারন্স।

অ অ

চ্যাটজিপিটি দিয়ে সম্পূর্ণ কাল্পনিক পুলিশি জবানবন্দি ও মনগড়া সাক্ষীর বক্তব্য বানিয়ে আদালতে জমা দেওয়ায় এক মার্কিন আইনজীবী কঠোর শাস্তির মুখে পড়েছেন। নিউ মেক্সিকোর সুপ্রিম কোর্ট তাকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছে। বুধবার আদালতের একটি প্যানেল এই রায় দেয় বলে জানিয়েছে রয়টার্স।

অভিযুক্ত আইনজীবীর নাম স্টিফেন অ্যারন্স। তিনি সান্তা ফেভিত্তিক একজন প্রাইভেট আইনজীবী। তিনি একটি হত্যা মামলার আপিল পরিচালনা করছিলেন। আদালতের নথি বলছে, আপিল করার সময় তিনি এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য আদালতে পেশ করেন। এর মধ্যে ছিল সম্পূর্ণ মনগড়া সাক্ষীর জবানবন্দি।

আদালত জানিয়েছে, শুনানির সময় অ্যারন্স নিজের মক্কেলের প্রতি উদাসীনতা দেখিয়েছেন। ঘটনার জন্য তার কোনো অনুশোচনাও ছিল না বলে আদালত মন্তব্য করেছে। এসব কারণে আদালত তাকে ৫ হাজার ডলার জরিমানা করেছে। পাশাপাশি বিষয়টি অধিকতর তদন্তের জন্য শৃঙ্খলা বোর্ডের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে।

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে অ্যারন্স নিজের ভুল স্বীকার করেছেন। তিনি বলেছেন, গত বছর মক্কেলের আপিলের দায়িত্ব নেওয়ার পর বিচারিক কার্যক্রমের সংক্ষিপ্তসার তৈরিতে তিনি চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন। সে সময় এআই কীভাবে মনগড়া তথ্য তৈরি করতে পারে, সে বিষয়ে তার বাস্তব ধারণা ছিল না।

তিনি বলেন, “আমি অনুতপ্ত। তবে আশা করি শৃঙ্খলা বোর্ড এটাকে অনিচ্ছাকৃত ভুল হিসেবে বিবেচনা করবে। এই শক্তিশালী কিন্তু কখনও কখনও অস্থির প্রযুক্তির ওপর নির্ভরশীল সব পেশাজীবীর জন্য এটা একটা বড় শিক্ষা।”

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওপেনএআই।

মামলার পটভূমি অনুযায়ী, অ্যারন্সের মক্কেল অস্কার রেনে স্যান্ডোভাল গত বছর নিজের সন্তানদের মাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে স্যান্ডোভাল শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। এই মামলার আপিল কার্যক্রম এখনো বিচারাধীন। গত ২ সেপ্টেম্বর এটি নিউ মেক্সিকোর পাবলিক ডিফেন্ডার কিম শ্যাভেজ কুকের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে কুক ও ডোনা আনা কাউন্টির জেলা কৌঁসুলির কার্যালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত মাসে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্ট অ্যারন্সের কাছে ব্যাখ্যা চেয়েছিল। প্রশ্ন ছিল, নথিতে জাল তথ্য কীভাবে যোগ হলো। এর মধ্যে ছিল ‘হত্যাকারী কালো প্যান্ট ও সাদা শার্ট পরে ছিল’—এমন কিছু কাল্পনিক বিবরণও।

২১ আগস্ট অনুষ্ঠিত এক শুনানিতে অ্যারন্স আদালতকে জানান, তিনি আদালতের একটি কম্পিউটার-জেনারেটেড ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য মামলার নথি চ্যাটজিপিটিতে দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন, এটি তাকে নির্ভুল সারসংক্ষেপ তৈরি করে দেবে।

এআই কীভাবে ভুল তথ্য তৈরি করতে পারে, সে বিষয়ে আইনজীবীর এই অজ্ঞতা দেখে বিচারকরা বিস্ময় প্রকাশ করেছেন। শুনানিতে বিচারপতি সি. শ্যানন বেকন বলেন, “আপনি কি খবরের কাগজ পড়েন না? রেডিও শোনেন না? বিশ্বে কী ঘটছে, তা কি আপনার জানা নেই? কারণ আইনজীবীদের এআই হ্যালুসিনেশনের ওপর নির্ভর করার সমস্যাটি এখন প্রতিদিন খবরের কাগজের প্রধান খবর।”

আইন পেশায় এআইয়ের অপরিণত ব্যবহার ঠেকাতে আদালতের এই শাস্তিমূলক পদক্ষেপ একটি চলমান সতর্কবার্তার অংশ। এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও ফেডারেল আদালত পর্যাপ্ত যাচাই ছাড়া এআই দিয়ে তৈরি নথি জমা দেওয়ায় একাধিক আইনজীবীকে শাস্তি দিয়েছে। তবে অ্যারন্সের ঘটনাটি আরও গুরুতর, কারণ তার নথিতে একেবারে মনগড়া সাক্ষীর জবানবন্দিও যুক্ত হয়েছিল।

আরও পড়ুন