EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

৭০০ ডলারে লেনোভোর নতুন ল্যাপটপ, টক্কর দেবে ম্যাকবুক-ডেলকে

রঙের বৈচিত্র্য ও কাস্টমাইজেশন সুবিধা নিয়ে ম্যাকবুক ও ডেল এক্সপিএসের প্রতিদ্বন্দ্বী হচ্ছে লেনোভোর আইডিয়াপ্যাড ভাইব

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

৭০০ ডলারে লেনোভোর নতুন ল্যাপটপ, টক্কর দেবে ম্যাকবুক-ডেলকে

রঙিন ও সাশ্রয়ী ডিজাইনে বাজারে আসছে লেনোভোর নতুন ল্যাপটপ আইডিয়াপ্যাড ভাইব।

অ অ

লেনোভো বাজারে আনছে নতুন ও সাশ্রয়ী ল্যাপটপ ‘আইডিয়াপ্যাড ভাইব’। দাম শুরু মাত্র ৭০০ ডলার থেকে। জনপ্রিয় ম্যাকবুক ও ডেল এক্সপিএস ১৩-এর মতো ল্যাপটপকে টক্কর দিতেই বাজারে আসছে এটি।

রঙের বৈচিত্র্য, চমৎকার বিল্ড কোয়ালিটি ও দারুণ কাস্টমাইজেশন সুবিধার কারণে ডিভাইসটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ইতিমধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট নিজেদের প্রতিবেদনে এমনটাই লিখেছে।

লেনোভোর ‘আইডিয়াপ্যাড’ সিরিজটি এত দিন কিছুটা আড়ালেই থেকে গেছে। কারণ, প্রযুক্তি বাজারে লেনোভোর ‘ইয়োগা’, ‘থিংকবুক’ ও ‘থিংকপ্যাড’ সিরিজ বেশি জনপ্রিয়। এই চিত্র বদলাতেই আসছে ‘আইডিয়াপ্যাড ভাইব’।

জেন-জি প্রজন্মের পছন্দকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে ল্যাপটপটি। এর মেটাল বডিতে দেওয়া হয়েছে বেশ কিছু উজ্জ্বল ও আকর্ষণীয় রঙ। রঙের তালিকায় আছে ‘ড্রিমি ভায়োলেট’, ‘স্পাইসি গোল্ড’, ‘জেন গ্রিন’, ‘চিল ব্লু’, ‘রেডিয়েন্ট কোরাল’, ‘মুডি ব্লু’ ও ‘লোকি গ্রে’।

ম্যাকবুকের তুলনায় এই ল্যাপটপে কাস্টমাইজেশন সুবিধা বেশি। ব্যবহারকারীরা ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স’ বা ‘এএমডি রাইজেন এআই ৪০০’ সিরিজের প্রসেসরের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। মডেলভেদে র‍্যাম থাকবে ২৪ জিবি বা ৩২ জিবি পর্যন্ত। স্টোরেজ থাকবে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত।

ল্যাপটপটি পাওয়া যাবে ১৪ ও ১৫ ইঞ্চি— দুটি আলাদা আকারে। এএমডিচালিত মডেলগুলোতে থাকবে ৫০ বা ৬৫ ওয়াট-আওয়ারের ব্যাটারি অপশন।

ডিসপ্লের ক্ষেত্রে থাকছে ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেটের ওএলইডি স্ক্রিন। সঙ্গে আছে দুটি দুই-ওয়াটের স্পিকার এবং উইন্ডোজ হ্যালো সমর্থিত ফিজিক্যাল শাটারযুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম।

সংযোগ-সুবিধাও বেশ ভালো। এতে আছে দুটি ইউএসবি টাইপ-এ, দুটি টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, একটি মাইক্রোএসডি কার্ড রিডার ও একটি পূর্ণ আকারের এইচডিএমআই সংযোগ। বর্তমান সময়ের স্লিম ল্যাপটপে এত ধরনের পোর্ট একসঙ্গে সচরাচর দেখা যায় না।

বিশ্বব্যাপী র‍্যাম-সংকটের কারণে ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে লেনোভোর এই সাশ্রয়ী ল্যাপটপ একটি ভালো সমাধান হতে পারে বলে মনে করা হচ্ছে।

ডিভাইসটির বিল্ড কোয়ালিটিও বেশ মজবুত। ১৪ ইঞ্চি মডেলের পুরুত্ব মাত্র শূন্য দশমিক ৫৯ ইঞ্চি। ওজন ১ কেজি ২৭০ গ্রাম। ১৫ ইঞ্চি মডেলের ওজন দেড় কেজি।

ল্যাপটপটির দাম শুরু ৭০০ ডলার থেকে হলেও এর বেস মডেলে র‍্যাম মাত্র ৮ জিবি। বর্তমান সময়ের উইন্ডোজ ল্যাপটপের জন্য এটি যথেষ্ট নয়। তাই বাজেট কিছুটা বাড়িয়ে র‍্যাম আপগ্রেড করার পরামর্শ দিচ্ছে লেনোভো নিজেই।

যারা দীর্ঘ সময় ব্যবহার করতে চান, তাদের জন্য ১৬ জিবি বা তার বেশি র‍্যামের সংস্করণ বেছে নেওয়াই ভালো। যারা সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ চান, তারা বেছে নিতে পারেন স্ন্যাপড্রাগনচালিত মডেল। আর যারা সফটওয়্যার সামঞ্জস্য ও ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স চান, তাদের জন্য ভালো বিকল্প হতে পারে এএমডি সংস্করণ।

ল্যাপটপের নাম ও রঙের বৈচিত্র্য দেখে স্পষ্ট, লেনোভো মূলত তরুণ প্রজন্মকেই লক্ষ্য করে এটি তৈরি করেছে। বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যের ক্রমাগত দামবৃদ্ধিতে যাদের ওপর চাপ বেশি পড়ছে।

‘আইডিয়াপ্যাড ভাইব’-এর এএমডি প্রসেসরচালিত সংস্করণ বাজারে আসবে এ বছরের অক্টোবরে। এরপর নভেম্বরে আসবে স্ন্যাপড্রাগন মডেল। ইনটেল সংস্করণ আসবে পরে, তবে নির্দিষ্ট সময় এখনো জানানো হয়নি।

আরও পড়ুন