EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের এআই মোডে এখন ফ্লাইট ট্র্যাকিং, হোটেল বুকিং সুবিধা

চ্যাটবটেই মিলবে টিকিটের দাম, পয়েন্ট হিসাব ও হোটেল বুকিং সুবিধা, জানাল গুগল

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

গুগলের এআই মোডে এখন ফ্লাইট ট্র্যাকিং, হোটেল বুকিং সুবিধা
অ অ

ভ্রমণ পরিকল্পনা সহজ করতে নিজেদের সার্চ প্ল্যাটফর্ম এআই মোডে নতুন কয়েকটি সুবিধা যোগ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এর মধ্যে অন্যতম হলো গুগল ফ্লাইটসের জনপ্রিয় প্রাইস-ট্র্যাকিং প্রযুক্তি। এ তথ্য জানিয়েছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটবট থেকেই এয়ারলাইনস ও হোটেলের তথ্য পাবেন। তারা টিকিটের দাম ট্র্যাক করতে পারবেন। পয়েন্ট বা মাইলে খরচের হিসাবও জানতে পারবেন।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীরা কেবল গন্তব্য ও ভ্রমণের তারিখ জানিয়ে দিলেই চলবে। এরপর তিনশটিরও বেশি এয়ারলাইনস ও ট্রাভেল সাইট থেকে টিকিটের সব তথ্য খুঁজে দেবে এআই।

টিকিটের দাম পরিবর্তনের হালনাগাদ তথ্য পেতে ব্যবহারকারীরা এআই মোডকে সরাসরি ‘দাম ট্র্যাক’ করার নির্দেশ দিতে পারবেন। নির্দিষ্ট গন্তব্য ও তারিখের টিকিটের দামে কোনো পরিবর্তন এলে গুগল স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ইমেইলে নোটিফিকেশন পাঠাবে।

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের দেশ ও এলাকাগুলো বাদে, বিশ্বের যেসব স্থানে ও ভাষায় এআই মোড চালু রয়েছে, সেখানে এখন এ সুবিধা সচল হয়েছে।

এ ছাড়া ফ্লাইট ও হোটেলের খরচ রিওয়ার্ড পয়েন্ট বা মাইলে হিসাব করার সুবিধাও এনেছে গুগল। চ্যাটবটকে ভ্রমণের বিস্তারিত জানিয়ে পয়েন্ট বা মাইলে খরচের পরিমাণ জানতে চাইলে তা সঙ্গে সঙ্গে দেখাবে এআই।

প্রাথমিকভাবে আলাস্কা এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস, হিলটন ও উইন্ডহামের মতো নির্দিষ্ট কিছু এয়ারলাইনস ও হোটেল চেইনের ক্ষেত্রেই এ হিসাব পাওয়া যাবে। শিগগিরই লুফথানসা গ্রুপ ও ফ্লাইং ব্লু-সহ অন্য বড় কোম্পানির সুবিধাও যোগ করার পরিকল্পনা রয়েছে গুগলের।

সার্চ প্ল্যাটফর্ম এআই মোডের মাধ্যমে এখন সরাসরি হোটেল বুকিংয়ের সুবিধাও এনেছে গুগল। এ সুবিধার আওতায় ভ্রমণের বিস্তারিত তথ্য ও ব্যক্তিগত পছন্দের কথা চ্যাটবটে লিখলেই বিভিন্ন হোটেলের তথ্যের পাশাপাশি অতিথিদের রিভিউ দেখাবে এআই। ব্যবহারকারীরা সরাসরি গুগল পে-এর মাধ্যমে বুকিংয়ের লেনদেন সম্পন্ন করতে পারবেন।

প্রাথমিকভাবে এ সেবা যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ইংরেজিতে চালু করা হচ্ছে। এক্সপিডিয়া, মারিয়ট ইন্টারন্যাশনাল ও প্রাইসলাইনসহ কয়েকটি নির্দিষ্ট পার্টনার সাইটের মাধ্যমে এ সুবিধা মিলবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারটি সবার জন্য চালুর কথা জানিয়েছে গুগল।

আরও পড়ুন