EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন নিরাপত্তা ফিচার

ছয় সংখ্যার পিনের বদলে এখন আলফানিউমেরিক পাসওয়ার্ড, সঙ্গে একাধিক পাসকি ও অচেনা কল শনাক্তের সুবিধা আনল হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো নতুন নিরাপত্তা ফিচার
অ অ

অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীর অ্যাকাউন্ট আরও সুরক্ষিত রাখতে টু-স্টেপ ভেরিফিকেশনে ছয় সংখ্যার পিনের বদলে এখন অক্ষর ও সংখ্যার সমন্বয়ে গঠিত শক্তিশালী পাসওয়ার্ড, অর্থাৎ ‘আলফানিউমেরিক’ পাসওয়ার্ড ব্যবহারের সুযোগ চালু করেছে প্রতিষ্ঠানটি।

২০১৭ সাল থেকে এত দিন হোয়াটসঅ্যাপের টু-স্টেপ ভেরিফিকেশনে কেবল ছয় সংখ্যার পিন ব্যবহারের সুযোগ ছিল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীকে অন্তত আট অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে, যাতে কমপক্ষে একটি সংখ্যা ও একটি অক্ষর থাকা বাধ্যতামূলক। চাইলে বিশেষ চিহ্ন বা স্পেশাল ক্যারেক্টারও যোগ করা যাবে।

নতুন এই পাসওয়ার্ড ব্যবস্থা বাধ্যতামূলক নয়। তবে অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তার জন্য এটি ব্যবহারের আহ্বান জানিয়েছে হোয়াটসঅ্যাপ। যারা এখনো ‘১২৩৪৫৬’-এর মতো দুর্বল বা সহজে অনুমানযোগ্য পিন ব্যবহার করছেন, তাদের দ্রুত নতুন শক্তিশালী পাসওয়ার্ড সেট করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে একাধিক ডিভাইসে সহজে ব্যবহারের সুবিধার্থে এবং স্প্যাম কল ঠেকাতে নতুন দুটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস— দুই প্ল্যাটফর্মেই এখন একই অ্যাকাউন্টে একাধিক পাসকি যুক্ত করা যাবে। সেটিংসে গিয়ে ‘অ্যাকাউন্ট’ অপশন থেকে ব্যবহারকারীরা সহজেই নতুন পাসকি যোগ করতে পারবেন।

অচেনা নম্বর থেকে আসা কলের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়াও সহজ করেছে হোয়াটসঅ্যাপ। কনট্যাক্ট লিস্টে সংরক্ষিত নেই এমন কোনো নম্বর থেকে কল এলে এখন গ্রাহকেরা বাড়তি কিছু তথ্য দেখতে পাবেন। এর মধ্যে থাকবে নম্বরটি কোন দেশের এবং কলকারীর সঙ্গে ব্যবহারকারীর কোনো অভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি না, তা।

মেটা জানিয়েছে, এই বাড়তি তথ্য প্রতারক বা স্ক্যামারদের সহজে শনাক্ত করতে সহায়তা করবে। তবে অপরিচিত কলের এই কনটেক্সট ফিচারটি আপাতত কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই চালু হয়েছে।

আরও পড়ুন