ম্যাক কম্পিউটারের জন্য চ্যাটজিপিটিতে নতুন একটি ফিচার এনেছে ওপেনএআই। এই ফিচারের মাধ্যমে চ্যাটবটটি এখন ব্যবহারকারীর হয়ে বার্তা পড়তে ও পাঠাতে পারবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কার সঙ্গে কী নিয়ে কথা হচ্ছে তা বুঝতে চ্যাটজিপিটি পুরোনো বার্তাও পড়ে দেখতে পারবে। এ ছাড়া আইফোন ও ম্যাকের মধ্যে বার্তার সিঙ্ক আগের চেয়ে ভালো হয়েছে।
তবে এই সুবিধা নিয়ে প্রশ্নও উঠছে। অ্যাপল সবসময় ব্যবহারকারীর গোপনীয়তা নিয়ে সতর্ক থাকে। তারা আগেই বলেছিল, বার্তা সংক্রান্ত কোনো তথ্য আইফোনের বাইরে যাবে না। তাই নতুন এই ফিচার অ্যাপল-ওপেনএআইয়ের মধ্যে চলমান বিরোধ আরও বাড়াতে পারে। দুই কোম্পানির মধ্যে ইতিমধ্যে একটি আইনি লড়াইও চলছে।
ওপেনএআই বলছে, এই ফিচার দিয়ে সহজে পুরোনো বার্তা খোঁজা, নতুন খবর জানা এবং বার্তার খসড়া তৈরি করে পাঠানো যাবে। কোম্পানির পণ্য প্রধান আরি ওয়েনস্টাইন জানান, চ্যাটজিপিটিকে এখন অ্যাপলের আইমেসেজের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে।
উদাহরণ হিসেবে তিনি দেখান, চ্যাটজিপিটিকে দিয়ে কবিতা লিখিয়ে তা বন্ধুর কাছে পাঠানো যায়। তবে কোম্পানি বলছে, এটি মূলত সাধারণ দৈনন্দিন যোগাযোগের জন্যই ব্যবহার করা উচিত।
নিরাপত্তার কথা ভেবে ওপেনএআই জানিয়েছে, এই ফিচার নিজে থেকে চালু করতে হবে। কোনো বার্তা পাঠানোর আগে চ্যাটজিপিটি সবসময় অনুমতি চাইবে। চাইলে এই সুবিধা বন্ধও রাখা যাবে।
এদিকে ইউরোপের বাজারের জন্য ‘কম্পিউটার হিস্ট্রি’ নামে আরেকটি ফিচার এনেছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর কম্পিউটারের কাজকর্ম বুঝে নিয়মিত কাজগুলো নিজে থেকেই করতে পারবে।
