শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে টিকটক। বিবিসি জানিয়েছে, শিশু-গোপনীয়তা সংক্রান্ত মামলায় এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় নিষ্পত্তি।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই মামলা করে, যেখানে অভিযোগ করা হয় টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১৩ বছরের কম বয়সী লাখ লাখ ব্যবহারকারীর তথ্য বাবা-মায়ের অনুমতি ছাড়াই সংগ্রহ করেছে, যা ২০০০ সালের ‘চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রটেকশন অ্যাক্ট’-এর লঙ্ঘন।
মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, ‘মামলাটি যখন শুরু হয়েছিল, তার চেয়ে আজকের দিনে শিশু ও তাদের অভিভাবকরা অনেক বেশি সুরক্ষিত।’
সমঝোতা অনুযায়ী, টিকটক প্রথম ধাপে বিচার বিভাগকে অবিলম্বে ৩০ কোটি ডলার দেবে। ২০১৯ সালের একটি পুরোনো ফেডারেল ট্রেড কমিশন আদেশ বাতিল হলে বাকি ১০ কোটি ডলার পরিশোধ করবে তারা।
এর আগে একই আইন ভঙ্গের দায়ে ইউটিউব (১৭ কোটি ডলার, ২০১৯) ও এপিক গেমস (২৭ কোটি ৫০ লাখ ডলার, ২০২২) জরিমানা গুনেছিল। একই ধরনের মামলায় এখন বিচারের মুখোমুখি মেটাও।
বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ৮১ শতাংশ শেয়ার স্থানীয় বিনিয়োগকারীদের হাতে, বাকি ১৯ শতাংশ বাইটড্যান্সের নিয়ন্ত্রণে। বাইটড্যান্সের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫০ বিলিয়ন ডলার।