EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর সহজ উপায়

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

গুগল ড্রাইভের জায়গা বাঁচানোর সহজ উপায়

সেটিংসের সামান্য পরিবর্তনে গুগল ড্রাইভের অহেতুক জায়গা অপচয় বন্ধ করা সম্ভব।

অ অ

এসএসডি ও হার্ডড্রাইভের আকাশচুম্বী দামের এই যুগে পেনড্রাইভ বা হার্ডডিস্ক বহনের ঝামেলা এড়াতে অধিকাংশ মানুষ এখন ক্লাউড স্টোরেজের ওপর নির্ভরশীল। কিন্তু সেখানেও কি আপনি ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশনের মুখোমুখি হচ্ছেন? টেক ব্যাকগ্রাউন্ড না থাকলেও একটু খেয়াল করলেই বুঝবেন, আপনার ক্লাউড স্টোরেজ গিলে খাচ্ছে আসলে আপনারই কিছু ভুল ব্যাকআপ সেটিং।

সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সাইট এনগ্যাজেট জানাচ্ছে, অলক্ষ্যে থেকে কীভাবে গুগল ড্রাইভে জায়গা নষ্ট হয় এবং ব্যবহারকারী বাধ্য হয়ে গুগলের স্টোরেজ প্ল্যান কেনেন। তবে কিছু কৌশল খাটালেই কোনো টাকা খরচ না করে এই স্টোরেজ ট্র্যাপ থেকে বেঁচে থাকা সম্ভব।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে গুগল মাত্র ১৫ জিবি জায়গা বরাদ্দ দেয়। কিন্তু মাথায় রাখবেন, এই ১৫ জিবি শুধু ড্রাইভের জন্য নয়; এটি আপনার জিমেইল, গুগল ফটোস এবং পুরো ফোনের সিস্টেম ব্যাকআপের সাথে ভাগাভাগি হয়।

সবচেয়ে বড় সমস্যা তৈরি হয় ‘ডুপ্লিকেট’ বা দ্বিগুণ ব্যাকআপের কারণে। উদাহরণস্বরূপ, আপনি হয়তো মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, যা নিজেই ড্রাইভের ব্যাকআপ নেয়। আবার আপনার ফোনে যদি ‘গুগল ফটোস’ অন করা থাকে, তবে সেটি আপনার হোয়াটসঅ্যাপ ফোল্ডারের ছবি-ভিডিওগুলোকেও আলাদাভাবে আবার ক্লাউডে পাঠায়! ফলে একই ছবি দুটি ভিন্ন জায়গায় জমা হয়ে ড্রাইভের স্টোরেজ দ্বিগুণ দ্রুত শেষ করে ফেলে।

একই ঘটনা সিগন্যাল, টেলিগ্রাম বা ডিসকর্ড ব্যবহারের ক্ষেত্রেও ঘটতে পারে। পারিবারিক বা ফ্রেন্ডস গ্রুপের হাজার হাজার অপ্রয়োজনীয় জিআইএফ, মিমস বা ছবি অলক্ষ্যেই ড্রাইভের ক্লাউড স্পেস দখল করে রাখছে।

আমরা ফোনে এমন অসংখ্য অ্যাপ ব্যবহার করি, যেগুলোর ক্লাউড ব্যাকআপের বিন্দুমাত্র প্রয়োজন নেই। গিটার টিউন করার অ্যাপ, ভিডিও প্লেয়ার, ব্লুস্কাই বা রেডিটের মতো সোশ্যাল মিডিয়া— এগুলোর ডেটা গুগলে সেভ হওয়ার কোনো মানেই হয় না। কারণ, এসব অ্যাপ নতুন ফোনে লগইন করলেই পুরানো ডেটা এমনিতেই ফিরে আসে।

অপ্রয়োজনীয় ফাইল জমে শুধু স্টোরেজই নষ্ট করে না, বরং পুরানো ডিভাইসের ক্যাশ ফাইল বা ব্যাকআপ ফাইল নতুন ফোনে আনলে ফোনের পারফরম্যান্সে নানাবিধ প্রযুক্তিগত জটিলতা দেখা দিতে পারে।

যেভাবে সমাধান করবেন:

ডুপ্লিকেট ব্যাকআপ বন্ধ করুন: ‘গুগল ফটোস’-এর সেটিংসে গিয়ে ডিভাইস ফোল্ডার (Device Folders) ব্যাকআপ থেকে হোয়াটসঅ্যাপ বা অন্য মেসেজিং অ্যাপের ফোল্ডারগুলো আনচেক/বন্ধ করে দিন।

পুরানো মেমরি ক্লিনআউট: চ্যাট গ্রুপগুলো থেকে অপ্রয়োজনীয় মিডিয়া ম্যানুয়ালি ডিলিট করুন এবং গুগল ফটোস থেকেও ব্যাকআপ হওয়া বাড়তি ফাইলগুলো মুছে দিন।

অ্যাপ ব্যাকআপ নিয়ন্ত্রণ: ফোনের Settings > Google > Backup > App Data-তে যান। যে অ্যাপগুলোর ব্যাকআপ প্রয়োজন নেই, সেগুলোর ব্যাকআপ টগল সুইচটি বন্ধ করে দিন।

আরও পড়ুন