স্যামসাং পণ্যে ছাড় পেতে এখন লাগবে যে কার্ড
গ্যালাক্সি আনপ্যাকডের আগেই নতুন ক্রেডিট কার্ড আনল স্যামসাং, মিলবে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৪৮ পিএম
স্যামসাংয়ের নতুন উন্মোচিত ‘স্যামসাং গ্যালাক্সি কার্ড’, যা দিয়ে স্যামসাং পণ্য কেনাকাটায় মিলবে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। ছবি: সংগৃহীত
স্যামসাংয়ের নতুন ফোন বা ফোল্ডএবল ডিভাইস কিনতে চান কিন্তু দাম নিয়ে ভাবছেন? এখন থেকে একটি বিশেষ কার্ডই এনে দিতে পারে বাড়তি সাশ্রয়ের সুযোগ। এ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া প্রযুক্তি বিশ্বের বহুল প্রতীক্ষিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের আগেই নতুন ক্রেডিট কার্ড উন্মোচন করেছে দক্ষিণ কোরীয় প্রযুক্তি কোম্পানি স্যামসাং।
‘স্যামসাং গ্যালাক্সি কার্ড’ নামের এই ক্রেডিট কার্ডটি ব্র্যান্ডটির নতুন ফোল্ডএবল ফোনের মতো আলোচিত না হলেও গ্যালাক্সি ভক্ত ও স্যামসাং পণ্য ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী হতে পারে। এই কার্ডের মাধ্যমে স্যামসাং পণ্য কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট।
কীভাবে মিলবে ছাড়
স্যামসাং জানিয়েছে, সরাসরি স্যামসাং থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনাকাটায় গ্রাহকরা ৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। যেমন, কোনো গ্রাহক দেড় হাজার ডলার দামের প্রাথমিক সংস্করণের ‘স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ কিনলে মূল্যছাড় হিসেবে সরাসরি ৭৫ ডলার ফেরত পাবেন—অর্থাৎ কার্ড থাকলে সদ্য উন্মোচিত হতে যাওয়া নতুন গ্যাজেট কেনার শুরুতেই মিলবে বাড়তি সুবিধা।
নতুন গ্রাহকদের জন্য বিশেষ অফার
অ্যাকাউন্ট খোলার প্রথম ৯০ দিনের মধ্যে কার্ড ব্যবহার করে দুই হাজার ডলার কেনাকাটা করলে মিলবে ২০০ ডলারের অতিরিক্ত মূল্যছাড়, যা প্রায় ১০ শতাংশ রিটার্নের সমান। তবে এর সঙ্গে কার্ডে প্রায় ১ হাজার ৮০০ ডলারের বকেয়া ঋণ জমা হওয়ার ঝুঁকিও থেকে যায়, যা বিবেচনায় রাখা জরুরি।
স্যামসাংয়ের বাইরেও মিলবে ছাড়
শুধু স্যামসাং পণ্য নয়, এই কার্ডে অন্যান্য কেনাকাটায়ও মিলবে ছাড়। ‘স্যামসাং ওয়ালেট’ অ্যাপ ব্যবহার করে যেকোনো কেনাকাটায় মিলবে ৩ শতাংশ ছাড়, নিয়মিত অনলাইন স্ট্রিমিং সেবার বিল পরিশোধে ২ শতাংশ, এবং অন্য যেকোনো সাধারণ কেনাকাটায় ১ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া স্যামসাংয়ের প্রিমিয়াম মেম্বারশিপ ও ওয়ারেন্টি সুবিধা ‘ভিআইপি অ্যাডভান্টেজ’ প্ল্যাটফর্মে মিলবে ২০ শতাংশ পর্যন্ত ছাড়।
গ্রাহকদের জন্য ২২ জুলাই থেকেই বাজারে পাওয়া যাবে স্যামসাংয়ের এই নতুন ক্রেডিট কার্ড। ওই দিন থেকে গ্রাহকরা অনলাইনে বা স্যামসাংয়ের যেকোনো রিটেইল শপে সরাসরি গিয়ে কার্ডের জন্য আবেদন করতে পারবেন। কাকতালীয়ভাবে সেদিনই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে স্যামসাংয়ের বহুল আলোচিত 'আনপ্যাকড' ইভেন্ট, যেখানে একঝাঁক নতুন গ্যাজেট উন্মোচন করবে কোম্পানিটি— আর কার্ডটি থাকলে সেসব নতুন পণ্য কেনার শুরুতেই মিলবে ছাড়ের সুযোগ।
প্রযুক্তি খাতে আগেও এসেছে এমন কার্ড
প্রযুক্তি দুনিয়ায় ক্রেডিট কার্ড চালুর ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। অ্যাপলের ‘অ্যাপল কার্ড’ অনেক বছর ধরেই গ্রাহকদের মধ্যে জনপ্রিয়, আর অনলাইন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনেরও নিজস্ব ব্র্যান্ডের একাধিক ক্রেডিট কার্ড রয়েছে।