হোয়াটসঅ্যাপে চ্যাট গোপন রাখতে এল ‘ইনকগনিটো’ মোড
নতুন ইনকগনিটো মোড চালু থাকলে ব্যবহারকারী ও এআইয়ের আলাপ মনিটর করা হবে না
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:০৪ পিএম
ছবি: সংগৃহীত
ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। প্ল্যাটফর্মটিতে এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথন সুরক্ষিত রাখতে নতুন ‘ইনকগনিটো’ মোড যোগ করেছে মেটা। এই মোড চালু থাকলে ব্যবহারকারী ও এআইয়ের মধ্যকার আলাপ খোদ মেটা কর্তৃপক্ষও পড়তে পারবে না বলে জানিয়েছে বিবিসি।
নতুন ইনকগনিটো মোড চালু থাকলে ব্যবহারকারী ও এআইয়ের আলাপ মনিটর করা হবে না। চ্যাটিং শেষ হওয়ার পর সব কথোপকথন স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সার্ভারে কোনো রেকর্ড বা লগও জমা রাখা হবে না।
হোয়াটসঅ্যাপ প্রধান উইল ক্যাথকার্ট বলেছেন, মানুষ স্বাস্থ্য, ব্যক্তিগত সম্পর্ক বা অর্থব্যবস্থার মতো সংবেদনশীল বিষয়ে এআইয়ের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান এবং এসব তথ্য অন্য কেউ দেখুক তা তারা চান না।
তিনি জানান, শুরুতে এই মোড কেবল টেক্সট বার্তার ক্ষেত্রে কাজ করবে, ছবির ক্ষেত্রে নয়। তবে ক্ষতিকর বা অবৈধ মনে হতে পারে এমন যেকোনো প্রশ্নের উত্তর দেবে না মেটা এআই।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এটিকে এমন ‘প্রথম বড় এআই পণ্য’ হিসেবে বর্ণনা করেছেন যেখানে সার্ভারে আলাপের কোনো রেকর্ড জমা রাখা হয় না।
গত বছর হোয়াটসঅ্যাপে ‘মেটা এআই’ যোগ করার পর অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেন। কারণ তা বন্ধ করার কোনো উপায় ছিল না। বর্তমানে অধিকাংশ এআই কোম্পানিই চ্যাটবট ব্যবহারের তথ্য জমা রাখে এবং প্রিমিয়াম অ্যাকাউন্ট ছাড়া সাধারণ ব্যবহারকারীদের তথ্য এআইয়ের ভবিষ্যৎ মডেল তৈরির প্রশিক্ষণে ব্যবহার করা হয়।
ক্যাথকার্ট বলেছেন, অনেকেই কোম্পানির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে অস্বস্তি বোধ করেন। একই সঙ্গে তারা এআই থেকে উত্তরও পেতে চান। নতুন এই ফিচার সেই সমস্যার সমাধান দেবে বলে তিনি আশাবাদী।
তবে নতুন এই ফিচার নিয়ে উদ্বেগও রয়েছে। সারে ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড বলেছেন, চ্যাটিং হিস্ট্রি দেখার সুযোগ না থাকায় ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে হোয়াটসঅ্যাপের জবাবদিহিতার জায়গাটি দুর্বল হয়ে পড়তে পারে।
তিনি আরও বলেন, মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে গেলে কারো চ্যাটিং তাকে ক্ষতি বা আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে কি না, তা প্রমাণ করা অসম্ভব হয়ে পড়বে। ইতোমধ্যে ওপেনএআই ও গুগলসহ বেশ কিছু এআই কোম্পানি ‘অনাকাঙ্ক্ষিত মৃত্যু’ সংক্রান্ত মামলার মুখে পড়েছে।
ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ওয়েলথ ক্লাবের সুজানা স্ট্রিটার জানান, মেটা ২০২৬ সালের মধ্যে এআই অবকাঠামো খাতে সাড়ে ১৪ হাজার কোটি ডলার ব্যয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। এই বিপুল বিনিয়োগ থেকে বড় মুনাফার প্রত্যাশায় রয়েছেন বিনিয়োগকারীরা। মেটা আশাবাদী, নিজস্ব প্ল্যাটফর্মগুলোকে আরও শক্তিশালী করতে এআই অবকাঠামো তৈরি সফল হলে তাদের বিজ্ঞাপন ও বাণিজ্য সাম্রাজ্য আরও প্রভাবশালী হয়ে উঠবে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ তাদের সিস্টেমে অন্য কোনো এআই চ্যাটবট ব্যবহারের সুযোগ বন্ধ করে দিয়েছে। ফলে প্ল্যাটফর্মটির কোটি কোটি ব্যবহারকারী এখন কেবল মেটার নিজস্ব এআইই ব্যবহার করতে পারবেন। ২০২৫ সালের মে মাসে জাকারবার্গ জানিয়েছিলেন, মেটার সব অ্যাপ মিলিয়ে এআই ব্যবহারকারীর সংখ্যা ইতোমধ্যে ১০০ কোটি ছাড়িয়ে গেছে।