EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

চিপে বাজিমাত করে ট্রিলিয়ন ডলারের ক্লাবে স্যামসাং

অ্যাপলের নতুন অংশীদার হতে পারে স্যামসাং- টিএসএমসির একচেটিয়া যুগ কি শেষ?

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:২৯ পিএম

চিপে বাজিমাত করে ট্রিলিয়ন ডলারের ক্লাবে স্যামসাং

ছবি: সংগৃহীত

অ অ

এআই প্রযুক্তির ব্যাপক চাহিদার সুবাদে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকসের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

বুধবার কোম্পানিটির শেয়ারের দাম একদিনেই ১৫ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় এ সাফল্য অর্জিত হয়। এর মধ্য দিয়ে এশিয়ার ট্রিলিয়ন ডলার ক্লাবে নাম লেখানো দ্বিতীয় কোম্পানি হলো স্যামসাং- প্রথমটি ছিল তাইওয়ানের চিপ নির্মাতা টিএসএমসি।

সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে স্যামসাং চমকপ্রদ ফলাফল দেখিয়েছে। কোম্পানিটির পরিচালন মুনাফা আট গুণেরও বেশি বেড়ে ৫৭.২ ট্রিলিয়ন কোরিয়ান ওনে দাঁড়িয়েছে, এবং মোট আয় রেকর্ড ১৩৩.৯ ট্রিলিয়ন ওনে পৌঁছেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালের পুরো বছরে কোম্পানিটির মোট মুনাফা ছিল ৪৩.৬ ট্রিলিয়ন ওন- অথচ মাত্র তিন মাসেই সেই পরিমাণ ছাড়িয়ে গেছে স্যামসাং।

শেয়ারবাজারে এ উত্থানের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে ব্লুমবার্গ জানিয়েছে। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল তাদের ডিভাইসের চিপ যুক্তরাষ্ট্রে তৈরির লক্ষ্যে স্যামসাং ও ইনটেলের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। দীর্ঘদিনের চিপ সরবরাহকারী টিএসএমসির ওপর একক নির্ভরশীলতা কমিয়ে আনতেই অ্যাপলের এ উদ্যোগ বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাং দাবি করেছে, বিশ্বে প্রথম কোম্পানি হিসেবে তারা সর্বাধুনিক ‘এইচবিএম৪’ চিপের ব্যাপক উৎপাদন শুরু করেছে এবং ইতিমধ্যে তা সরবরাহও করা শুরু হয়েছে। এনভিডিয়ার আসন্ন ‘ভেরা রুবিন’ এআই আর্কিটেকচারে এ চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানা গেছে। তবে এইচবিএম বাজারে এখনও প্রতিযোগী এসকে হাইনিক্সের পেছনে রয়েছে স্যামসাং- বর্তমানে বাজারের ৫৫ শতাংশ হাইনিক্সের দখলে, আর স্যামসাংয়ের অংশ প্রায় ২৫ শতাংশ।

মর্নিংস্টারের প্রযুক্তি বিশ্লেষক ইউ জিং জি বলেছেন, এআই প্রযুক্তির বড় ব্যান্ডউইথ ও স্টোরেজের চাহিদা মেটাতে প্রচুর মেমোরি চিপের প্রয়োজন হচ্ছে, ফলে ডির‍্যাম ও ন্যান্ড চিপের বাজারে সংকট তৈরি হয়েছে। এতে স্যামসাংয়ের মতো বড় উৎপাদক কোম্পানিগুলো লাভবান হচ্ছে।

স্যামসাংয়ের এ উত্থানের ঢেউ পুরো দক্ষিণ কোরিয়ার বাজারেও লেগেছে। দেশটির প্রধান শেয়ারবাজার সূচক কোস্পি ৫ শতাংশের বেশি বেড়ে প্রথমবারের মতো সাত হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে।

আরও পড়ুন