EN ☀️
×

Follow Us

বিজ্ঞান ও প্রযুক্তি

মেটার থ্রেডসে এল ‘লাইভ চ্যাটস’ ফিচার

এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কমিউনিটিতে যোগ হয়ে সরাসরি আড্ডা দেওয়া এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পাবেন।

প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম

মেটার থ্রেডসে এল ‘লাইভ চ্যাটস’ ফিচার

ছবি: সংগৃহীত

অ অ

রিয়াল-টাইম আলোচনার সুবিধা দিতে থ্রেডসে নতুন ফিচার ‘লাইভ চ্যাটস’ চালু করেছে মেটা। এই ফিচারের মাধ্যমে কনটেন্ট নির্মাতা, কমিউনিটি চ্যাম্পিয়ন এবং মিডিয়া ব্যক্তিত্বরা সরাসরি সেশন আয়োজন করে দর্শকদের সঙ্গে মতবিনিময় করতে পারবেন।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, ফিচারটি দেখতে ইনস্টাগ্রামের 'ব্রডকাস্ট চ্যানেলের' মতো মনে হলেও এর কার্যপদ্ধতি সম্পূর্ণ আলাদা। ব্রডকাস্ট চ্যানেলে কেবল একতরফাভাবে বার্তা পাঠানো যায়, কিন্তু ‘লাইভ চ্যাটস’- এ দ্বিমুখী আলোচনার সুযোগ রয়েছে।

যেভাবে কাজ করবে এই ফিচার

চ্যাট সেশন শুরু করার পর হোস্ট নিজেই নির্ধারণ করবেন কারা বার্তা পাঠাতে পারবেন। তবে পাবলিক লিংকের মাধ্যমে যেকোনো ব্যক্তি চ্যাটটি দেখতে পারবেন- কোনো নির্দিষ্ট কমিউনিটির সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। টেক্সট বার্তার পাশাপাশি ছবি, ভিডিও, লিংক এবং ইমোজি রিঅ্যাকশনও শেয়ার করা যাবে।

সদস্য সংখ্যা পূর্ণ হয়ে গেলে নতুন ব্যবহারকারীরা বার্তা না পাঠাতে পারলেও আলোচনা দেখতে এবং ভোট দিতে পারবেন। এছাড়া লাইভ সেশন শেষ হয়ে যাওয়ার পরেও চ্যাটটি পুনরায় দেখার সুযোগ থাকবে।

পরীক্ষামূলক যাত্রা শুরু

মেটা জানিয়েছে, ফিচারটি প্রথমে ‘এনবিএ থ্রেডস’ কমিউনিটিতে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। বর্তমানে লাইভ চ্যাটস অপশনটি ফিডের একদম উপরে দেখা যাবে এবং হোস্ট লাইভ থাকলে তার প্রোফাইল ছবির চারদিকে লাল বৃত্ত দৃশ্যমান হবে।

ভবিষ্যতে এই ফিচারে কো-হোস্টিং, লকড স্ক্রিন উইজেট এবং বার্তা কোট করে শেয়ার করার সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে মেটা।

উল্লেখ্য, ২০২৩ সালে যাত্রা শুরুর পর থেকেই ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করে আসছে থ্রেডস। গত বছরের অক্টোবরে প্ল্যাটফর্মটি জানায়, তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন