ওয়ান-ইলেভেন হচ্ছে সকল সর্বনাশের গোড়া: ফারুকী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম
সাবেক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ওয়ান ইলেভেনের প্রধান ক্রীড়নক মাসুদ চৌধুরীকে গ্রেপ্তার বর্তমান সরকারের একটা ভালো সূচনা মাত্র। এবার তদন্ত শুরু করা হোক ওয়ান-ইলেভেনের আদ্যোপান্ত নিয়ে। এমনকি ২০০৮-য়ের নির্বাচন নিয়েও তদন্ত হওয়া উচিত।
মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন ফারুকী।
তিনি বলেন, ওয়ান-ইলেভেন হচ্ছে সকল সর্বনাশের গোড়া। এই যে শত শত মানুষ গুম, হাজার হাজার বিরোধী নেতা-কর্মীদের উপর নির্যাতন, বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, নির্বাচন ব্যবস্থা ভ্যানিশ করে দেয়া, জুলাই হত্যাকাণ্ডসহ হাসিনার সকল অপকর্মের লাইসেন্স এসেছে ওই ওয়ান ইলেভেন থেকে।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে ট্রমা-আক্রান্ত জাতির সামনে আগানো এবং হিলিংয়ের জন্য দুইটা জিনিস দরকার—বিচার এবং স্মৃতি সংরক্ষণ। স্মৃতি সংরক্ষণ বলতে বোঝাচ্ছি ইতিহাস সংরক্ষণ। সেটা মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্ট নানা ভাবেই হতে পারে। তো বিচার এবং স্মৃতি সংরক্ষণের কাজ ঘটে যাওয়া মাত্র ওই অধ্যায় নিয়ে পড়ে না থেকে সামনের দিকে আগানোর সুযোগ তৈরি হয়।
কিন্তু এই দুই কাজ অসমাপ্ত রেখে যদি ‘চলো সব ভুলে যাই’ বলে সামনে আগাই তাহলে দুইটা বিপদ—এক. অপরাধীদের অথবা নতুন অপরাধীদের উৎসাহ দেয়া হয়। তারা তখন পরবর্তী অপকর্ম থেকে জাস্ট একটা সুযোগ দূরে সর্বদা দন্ডায়মান থাকে। দুই. বিচার এবং স্মৃতি সংরক্ষণ ছাড়া সামনে আগালে ক্ষোভ থেকে যায় মানুষের যৌথ স্মৃতিতে। হিলিংয়ের জন্য এটা আদর্শ অবস্থা নয়।
উল্লেখ্য, ওয়ান-ইলেভেন সরকারের সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।