একা পশু জবাই করলে মাংস খাওয়া কি হালাল? জানালেন শায়খ আহমাদুল্লাহ
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ এএম
গোশত মানুষের প্রিয় খাবার। ইসলামে নির্দিষ্ট শর্তে বিভিন্ন হালাল প্রাণীর গোশত খাওয়ার অনুমতি রয়েছে। তবে পশু জবাইয়ের ক্ষেত্রে একাধিক ব্যক্তি থাকা জরুরি কি না, কিংবা একজন ব্যক্তি একাই নিয়ম মেনে জবাই করলে সেই পশুর মাংস খাওয়া হালাল হবে কি না—এ নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, একা কোনো হালাল প্রাণী, যেমন মুরগি বা ছাগল জবাই করলেও তার মাংস খাওয়া সম্পূর্ণ হালাল হবে। পশু জবাই শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তির উপস্থিতি কিংবা কাউকে সঙ্গে রাখা জরুরি নয়। একজন ব্যক্তি শরিয়তের নিয়ম মেনে জবাই করলেই তা বৈধ হবে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, জবাইয়ের সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে হবে। এ ক্ষেত্রে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলা হয়। তবে কেউ ভুলবশত বা ভুলে গিয়ে বিসমিল্লাহ বলতে না পারলে সেই জবাইও হালাল হিসেবে গণ্য হবে।
তিনি আরও বলেন, জবাইকারীকে মুসলিম হতে হবে। পাশাপাশি পশুর কণ্ঠনালি, খাদ্যনালি ও রক্তনালি কাটার বিষয়টিও জবাইয়ের বিধানের সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া একা পশু জবাই করার ক্ষেত্রে জবাইকারীর অজু থাকা কিংবা গোসল ফরজ না থাকা শর্ত নয়। অর্থাৎ, অজু না থাকলেও বা গোসল ফরজ অবস্থায় থাকলেও নিয়ম মেনে জবাই করলে তা সহিহ হবে এবং পশুর মাংস হালাল থাকবে।