EN ☀️
×

Follow Us

বিনোদন

সুপারমার্কেট কর্মী থেকে কোটিপতি, কে এই র‍্যাপার?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

সুপারমার্কেট কর্মী থেকে কোটিপতি, কে এই র‍্যাপার?

৩৪ বছরে পা দিলেন র‍্যাপার কার্ডি বি। ছবি: রয়টার্স

অ অ

একসময় নিউইয়র্কের ব্রঙ্কসে বেড়ে ওঠা এক তরুণী জীবিকার তাগিদে কাজ করতেন সুপারমার্কেটে, পরে স্ট্রিপ ক্লাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে অকপট কথাবার্তা তাঁকে দ্রুত পরিচিত করে তোলে। সেই পরিচিতিকে পুঁজি করেই পা রাখেন সংগীতজগতে। এরপর ‘বোদাক ইয়েলো’ গান দিয়ে মার্কিন সংগীতের শীর্ষে উঠে আসা, গ্র্যামি জয়, কোটি কোটি ডলারের সম্পদ আর একের পর এক বিতর্ক—সব মিলিয়ে তিনি কার্ডি বি।

রবিবার (১১ অক্টোবর) ৩৪ বছরে পা দিলেন এই জনপ্রিয় মার্কিন র‍্যাপার। ১৯৯২ সালের এই দিনে নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন তিনি। ক্যারিবীয় বংশোদ্ভূত এই শিল্পীর প্রকৃত নাম বেলকালিস মারলেনিস আলমানজার।

সামাজিক মাধ্যম থেকে সংগীতের শীর্ষাসনে

কার্ডি বি-র পরিচিতি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়। তাঁর সরাসরি কথা বলার ধরন, হাস্যরস ও নিজের জীবন নিয়ে রাখঢাক না করার প্রবণতা দ্রুত মানুষের নজর কাড়ে। ২০১৫ সালে রিয়েলিটি শো ‘লাভ অ্যান্ড হিপ হপ: নিউইয়র্ক’–এ যোগ দিয়ে তিনি আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে যান।

২০১৭ সালে পুরোপুরি সংগীতে মনোযোগ দেওয়ার পর প্রকাশিত হয় তাঁর একক গান ‘বোদাক ইয়েলো’। গানটি বিলবোর্ড হট ১০০–এর ১ নম্বরে পৌঁছায়। ১৯৯৮ সালে লরিন হিলের পর কার্ডি বি-ই প্রথম একক নারী র‍্যাপার, যাঁর গান বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নেয়। ২০১৮ সালে প্রকাশিত তাঁর প্রথম অ্যালবাম ‘ইনভেশন অব প্রাইভেসি’র জন্য সেরা র‍্যাপ অ্যালবাম বিভাগে গ্র্যামি পুরস্কার জেতেন তিনি। এই বিভাগে গ্র্যামি জেতা প্রথম একক নারী শিল্পী তিনি।

বিতর্ক ও জনপ্রিয়তার রসায়ন

কার্ডি বি-র জনপ্রিয়তার পেছনে রয়েছে তাঁর স্বতন্ত্র কণ্ঠস্বর ও আত্মবিশ্বাসী পরিবেশনা। ‘আই লাইক ইট’, ‘আপ’, ‘মানি’ এবং মেগান দি স্ট্যালিয়নের সঙ্গে করা ‘ডব্লিউএপি’ তাঁর আলোচিত গান। ‘ডব্লিউএপি’ প্রকাশের পর এর স্পষ্ট যৌন ইঙ্গিতপূর্ণ কথা ও ভিডিও নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হলেও, এটি বিলবোর্ডের শীর্ষে জায়গা করে নেয়। ২০২৫ সালে দীর্ঘ সাত বছরের বিরতির পর প্রকাশিত তাঁর দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘অ্যাম আই দ্য ড্রামা?’ বিলবোর্ড ২০০–এর শীর্ষে অভিষেক করে। চলতি বছরের ৮ অক্টোবর ‘জিটিএ ভিআই: দ্য অ্যালবাম’–এর অংশ হিসেবে তাঁর নতুন গান ‘ডোন্ট চার্ট’ প্রকাশিত হয়েছে।

ব্যক্তিগত জীবন ও নতুন সম্পর্ক

কার্ডি বি-র ব্যক্তিগত জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় র‍্যাপার অফসেটের সঙ্গে তাঁর সম্পর্ক। ২০১৭ সালে গোপনে বিয়ে করার পর তাঁদের সম্পর্ক ছিল উত্থান–পতনে ভরা। এই দম্পতির তিন সন্তান রয়েছে। ২০২৪ সালের আগস্টে কার্ডি বিবাহবিচ্ছেদের আবেদন করলেও ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। অফসেটের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মার্কিন ফুটবল তারকা স্টেফন ডিগসের সঙ্গে সম্পর্কে জড়ান কার্ডি। ২০২৫ সালের নভেম্বরে এই জুটির একটি পুত্রসন্তান জন্ম নেয়।

১৪০০ কোটি টাকার মালিক

গান, কনসার্ট, বিজ্ঞাপন, অভিনয় ও নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড ‘গ্রো–গুড বিউটি’ থেকে কার্ডি বি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ‘সেলিব্রিটি নেট ওর্থ’–এর ২০২৬ সালের আগস্টের হিসাব অনুযায়ী, কার্ডি বি-র আনুমানিক সম্পদের পরিমাণ ১২ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা। সংগীতের পাশাপাশি জেনিফার লোপেজের সঙ্গে ‘হাসলার্স’ এবং অ্যাকশন ঘরানার ‘এফ নাইন’ ছবিতে অভিনয় করে তিনি নিজের বহুমুখী প্রতিভার প্রমাণ দিয়েছেন।

আরও পড়ুন