EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

অ অ

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৈরী আবহাওয়ার কারণে আজ বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এতে গত মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন।  আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরতে পারছেন না।

বুধবা (১৭ নভেম্বর) রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, উত্তাল সমুদ্রে জাহাজ চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পুনরায় জাহাজ চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তার প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ-এর চট্টগ্রাম দফতর এক বিজ্ঞপ্তিতে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।

এদিকে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫, মোংলা থেকে ১ হাজার ১০ এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত এটি বাড়ছে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন