EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘অ্যাম্বিশন অন মেল্টিং আইস’ (এএমআই) উদ্যোগে যোগ দিয়েছে বাংলাদেশ। এ উদ্যোগে বাংলাদেশ ২৬তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শুক্রবার (১৩ নভেম্বর) কপ-৩১ সম্মেলন ভেন্যুতে বাংলাদেশ সরকারের পক্ষে উদ্যোগটিতে অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ সময় এএমআই সেক্রেটারিয়েটের পরিচালক ড. প্যাম পিয়ারসন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ঝুঁকি কমানো এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ এ উদ্যোগে অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, হিমবাহের বরফ গলন রোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


এএমআই উদ্যোগে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন। বিশেষ করে হিমবাহ ও মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং এর ফলে উপকূলীয় ও নিম্নাঞ্চলের মানুষের ওপর সৃষ্ট ঝুঁকির বিষয়গুলো আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিমবাহ ও বরফস্তরের দ্রুত পরিবর্তন জলবায়ুর ভারসাম্য, পানিসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। একই সঙ্গে মেরু অঞ্চলের স্থলভাগের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। এতে বাংলাদেশের মতো উপকূলীয় ও নিম্নভূমির দেশগুলো ক্রমবর্ধমান ঝুঁকিতে পড়ছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব দিয়ে আসছে। এএমআই উদ্যোগে যুক্ত হওয়ার মধ্য দিয়ে বৈশ্বিক জলবায়ু সুরক্ষার প্রচেষ্টায় বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হলো।

আরও পড়ুন