EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্য

গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম

গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে আরো ৫ টি দেশ এই ফান্ড থেকে অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতোলিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার মাধ্যমে এই অনুদানের প্রতিশ্রুতি আদায় সম্ভব হয়েছে বলে জানিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। খুব শিগগিরই এই অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার।

অনুদানের অর্থ মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং তাদের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলারের অনুদানের প্রতিশ্রুতি পাওয়া দেশের জন্য একটি বড় অর্জন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের এ ধরনের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।

তিনি জানান, অনুদানের অর্থ হাতে পাওয়ার পর উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। 

পাশাপাশি সরকার চাইলে এই অর্থ সবুজায়নের কাজেও ব্যবহার করতে পারবে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণেই অর্থের বড় অংশ ব্যয়ের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নিজেদের সক্ষমতা অর্জন করতে চায়। এ লক্ষ্য সামনে রেখে আগামী মাসের মধ্যে কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করবে সরকার।

গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ ছাড়া সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।

আরও পড়ুন