নদী দখল ও দূষণমুক্ত করে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত
ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীরকে জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের জন্য উপযোগী করে গড়ে তুলতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬ অনুষ্ঠানে নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল)সহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু স্থানে ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, নদীর তীরকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ যেন নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল হন, সে লক্ষ্যেই বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আজকের কর্মসূচিতে নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন এমন ব্যক্তিদের সঙ্গে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে তাঁদের উৎসাহিত করা এবং তাঁদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
নদী দখল ও দূষণমুক্তকরণ কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। একই সঙ্গে নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখছে এসব অবকাঠামো। কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ এখনো বাকি রয়েছে। সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্পট চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে রাসায়নিক বর্জ্য, তরল বর্জ্য ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এসব বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।
ঢাকার চারপাশের নদীগুলোতে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের একটি আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশনকে সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব।
তবে বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান কার্যক্রমগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। এর ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রমও সম্প্রসারিত হবে। একই সঙ্গে নদীগুলোকে দূষণমুক্ত ও দখলমুক্ত করার কার্যক্রম আরও কার্যকর হবে।
বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো পুনরায় প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহন মন্ত্রী।