চট্টগ্রামে কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের তালিকা দিতে সময় বাড়াল আদালত
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
কর্ণফুলী নদী। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের নদীর সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা প্রদানের আরো দুই সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।
কর্ণফুলী নদী রক্ষায় এইচ আর পি বি এর করা জনস্বার্থের মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর তারিখে রুল জারি করে নদীর দক্ষিণ ও পূর্ব পার্শে অবৈধ দখলদারদের তালিকা এবং জরিপ প্রতিবেদনের দাখিলের জন্য তিন মাসের সময় বেঁধে দিয়ে কয়েক দফা নির্দেশনা দেন উচ্চ আদালত।
জরিপ অনুসারে কর্ণফুলী নদী রক্ষার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন আদালত। ওই নির্দেশনা অনুসারে আদালতে এখনো প্রতিবেদন দাখিল না করায় বিষয়টি এইচ আর পি বি এর পক্ষে আবেদনের প্রেক্ষিতে আদালতে রবিবার (৮ নভেম্বর) আদেশের জন্য আসে।
শুনানিতে এইচ আর পিবি পক্ষের কৌশলী সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদী রক্ষার জন্য এর সীমানা জরিপ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয় ২০২৩ সালে। কিন্তু এখন পর্যন্ত কোন প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।
তিনি বলেন, যার কারণে কর্ণফুলী নদীর দখল দূষণ অব্যাহত রয়েছে। এর প্রভাবে চট্টগ্রামের বাসিন্দাদের উপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
রবিবার শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়া এর আদালত চট্টগ্রাম এর কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপ করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেন।
এইচ আর পি বি এর পক্ষে পিটিশনার হলেন অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী এবং বিবাদীরা হলেন পরিকল্পনা, শিপিং, পরিবেশ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এর চেয়ারম্যান, চট্টগ্রাম পোর্ট অথরিটি সহ মোট ১৯ জন।
মামলায় বাদী পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন এডভোকেট সঞ্জয় মন্ডল। সরকার পক্ষে ছিলেন ডি এ জি শিহাব উদ্দিন খান।