EN ☀️
×

Follow Us

বিনোদন

নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার, ‘রইদ’ এর যত অর্জন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

নাজিফা তুষির প্রথম আন্তর্জাতিক পুরস্কার, ‘রইদ’ এর যত অর্জন

ছবি: সংগৃহীত

অ অ

ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এশিয়ার সেরা ছবি হিসেবে ‘ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জেতার পর এবার কানাডায়ও সফল বাংলাদেশি চলচ্চিত্র ‘রইদ’। ‘রইদ’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসেবে নাজিফা তুষি, সেরা চিত্রগ্রাহক হিসেবে জোয়াহের মুসাভভির এবং সেরা সংগীত পরিচালক হিসেবে রাশীদ শরীফ শোয়েব পুরস্কার পেয়েছেন।

কানাডায় অনুষ্ঠিত ১২তম মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের (এমআইএসএএফএফ) সমাপনী দিনে ‘একযোগে তিনটি প্রধান শাখায় পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি।

‘রইদ’ চলচ্চিত্রে ‘সাধুর বউ’ চরিত্রে অভিনয় করে সিনেমা হলে মুক্তির আগে থেকেই প্রশংসিত হচ্ছিলেন নাজিফা তুষি। মুক্তির পর তাঁর অনবদ্য অভিনয় দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই চরিত্রের জন্যই ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পুরস্কারটি অর্জন করলেন তিনি।

প্রথম আন্তর্জাতিক পুরস্কারে উচ্ছ্বসিত নাজিফা তুষি বলেন, ‘‘এটি আমার জন্য অত্যন্ত খুশির সংবাদ। তবে আমি কখনোই পুরস্কারের আশায় কাজ করি না, আমার কাছে কাজটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন অভিনেত্রী হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার কাজের দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিল। এই সুন্দর পথচলা যেন সামনের দিনগুলোতেও অব্যাহত থাকে।’’
আরও পড়ুন

বিশ্বের নামী সব চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করে এই গৌরব অর্জনে দারুণ আনন্দিত সিনেমার নির্মাতা মেজবাউর রহমান। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘অসাধারণ সব সিনেমার সঙ্গে তীব্র প্রতিযোগিতা করে ‘রইদ’ এই পুরস্কারগুলো অর্জন করেছে। মুক্তির পর থেকেই তুষির অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছিল, এবার আন্তর্জাতিক স্বীকৃতি মেলায় দারুণ লাগছে। এছাড়া সিনেমার সিনেমাটোগ্রাফি ও মিউজিক নিয়েও দর্শকদের আলাদা প্রশংসা ছিল। জোয়াহের ও রাশীদ পুরস্কার পাওয়ায় আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে।’’

গত ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হয় সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর। এবারের উৎসবে কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' বিভাগে জুরি পুরস্কারপ্রাপ্ত নেপালের চলচ্চিত্র ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’ সেরা সিনেমার পুরস্কার লাভ করে। আর এর পরপরই অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে ৩টি গুরুত্বপূর্ণ বিভাগে বাজিমাত করে বাংলাদেশের ‘রইদ’।

রইদের সফলতার ঝুলিতে সবচেয়ে সম্মানিত অর্জন হিসেবে রয়েছে একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৯তম আসরে অংশগ্রহণ। সাম্প্রতিক বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে এই চলচ্চিত্রটিকে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন