ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে চিত্রনায়িকা পপি যা যা বললেন
ডেইলি সান রিপোর্ট, বিনোদন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির একটি বক্তব্যকে ঘিরে গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও নেতিবাচক মন্তব্য চলছে। একটি চ্যানেল পপির গত বছরের একটি বক্তব্য ও তাঁর ছবি সংবলিত ফটোকার্ডে প্রকাশ করার পর থেকেই এ নিয়ে আলোচনা শুরু হয়। পরে সেই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেও প্রতিক্রিয়া জানান।
পপির ওই বক্তব্য ছিল, ‘যতটুকু পাপ কামাইছি, সব ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব, আল্লাহ-খোদার নাম করে যাব।’
বক্তব্যটি নিয়ে তৈরি হওয়া আলোচনার বিষয়ে পপি বলেন, ‘আমি কিন্তু আমার বক্তব্যে একবারও বলিনি যে আমি চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান না? আমরা তো জেনে-না-জেনে অনেক পাপ করি। সেসব পাপের জন্য কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না?’
পপি বলেন, ‘আমি আমার পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি স্বামী-সংসার নিয়ে সুখে-শান্তিতে ভালো থাকতে পারি, সেটা তো অন্যায়ের কিছু নয়। আমি তো একবারের জন্যও বলিনি যে আমি সিনেমায় অভিনয় করে পাপ করেছি।’
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যে সিনেমা আমাকে এত যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, যে সিনেমা থেকে আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি এবং যে সিনেমার কারণে আজও দর্শক আমাকে ভালোবাসেন, সেই সিনেমা কিংবা সিনেমা শিল্প নিয়ে আমি খারাপ বা নেতিবাচক কিছু বলব—প্রশ্নই আসে না। আমি আমার চলচ্চিত্রকে এখনো অনেক ভালোবাসি ও শ্রদ্ধা করি।’
অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে পপি বলেন, জীবনের প্রয়োজনে তিনি বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে আছেন। তবে ফেলে আসা দিনগুলো তিনি ভীষণভাবে মিস করেন।
নিজের সংসার প্রসঙ্গে পপি বলেন, ‘বিয়ের পর একটি মেয়েকে তার স্বামীর কথা অনুযায়ী চলতে হয়। আমার স্বামী আদনান আমাকে ভীষণভাবে আগলে রাখে। আমার একমাত্র ছেলে আয়াতকে নিয়েই আমার সময় কেটে যায়। আমার সুখের সংসার। আপনাদের সবার দোয়াতেই আমার এই সুখের সংসার।’
অভিনয়জীবনের স্মৃতিচারণ করে পপি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করার সময় দিনের পর দিন রোদে পুড়ে, গরমে, বৃষ্টি-বাদলে অনেক কষ্ট করে শুটিং করে টাকা রোজগার করেছি। অনেক কষ্টের পর হালাল রোজগার করেছি। নিজের পরিবারকে লালন-পালন করেছি। তাই যে চলচ্চিত্র থেকে আমার এত কিছু, সেই চলচ্চিত্রকে কোনো দিন অসম্মান করে কিংবা অভিনয় পেশাকে অসম্মান করে আমি কিছু বলব না।’
অভিনয় থেকে অবসর নেওয়ার বিষয়ে পপি বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। ভবিষ্যতে কোনো গল্প ভালো লাগলে আবার অভিনয়ে ফিরতে পারেন। তবে ফিরবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
তিনি বলেন, ‘সিনেমা প্রযোজনায় আসার ইচ্ছা আছে। নিজের বায়োগ্রাফিতে অভিনয় করারও ইচ্ছা আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।’
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ডাইরেক্ট অ্যাকশন’। কয়েকটি সিনেমার কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেগুলোতে পপি আর অভিনয় করেননি।