EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

মার্কিন নির্বাচন: বাংলাদেশ সময় কখন শুরু ভোট, ফল জানা যাবে কখন?

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

মার্কিন নির্বাচন: বাংলাদেশ সময় কখন শুরু ভোট, ফল জানা যাবে কখন?
অ অ

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসে নিজেদের প্রতিনিধি নির্বাচনে দেশটির ২৩ কোটিরও বেশি নিবন্ধিত ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং ১০০ সদস্যের সিনেটের ৩৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যের ভোটাররা তাদের গভর্নর নির্বাচন করবেন।

বর্তমানে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষই ক্ষমতাসীন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে রয়েছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখা বা পরিবর্তনের লড়াইয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতার দিকে নজর থাকবে সবার।

বাংলাদেশ সময় কখন শুরু হবে ভোটগ্রহণ?

যুক্তরাষ্ট্রে ভোটগ্রহণ শুরুর কেন্দ্রীয়ভাবে নির্ধারিত কোনো সময় নেই। প্রতিটি অঙ্গরাজ্য নিজস্ব নিয়ম অনুযায়ী ভোটগ্রহণের সময় নির্ধারণ ও পরিচালনা করে।

দেশটিতে সবার আগে ভোটগ্রহণ শুরু হবে ভার্মন্ট অঙ্গরাজ্যে। স্থানীয় সময় ভোর ৫টায়, অর্থাৎ বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে। এরপর নিউ জার্সি, ভার্জিনিয়া, কানেকটিকাট ও কেনটাকিতে স্থানীয় সময় সকাল ৬টায় (বাংলাদেশ সময় বিকেল ৫টায়) ভোট শুরু হবে।

জর্জিয়া, ফ্লোরিডা, পেনসিলভানিয়া ও নিউইয়র্কে বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে ভোটগ্রহণ শুরু হবে। ওহাইও ও নর্থ ক্যারোলাইনায় শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। মিশিগানে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভোটকেন্দ্র খুলবে।

ভোটগ্রহণ শেষ হবে কখন?

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময় অঞ্চল থাকায় ধাপে ধাপে ভোটকেন্দ্রগুলো বন্ধ হবে। সবার আগে ইন্ডিয়ানা ও কেনটাকির কিছু এলাকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হবে। বাংলাদেশ সময় তখন বুধবার ভোর ৫টা।

মিশিগানে স্থানীয় সময় রাত ৮টায় এবং কানসাসের কিছু এলাকায় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হবে। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টার দিকে এসব এলাকায় ভোট শেষ হবে। আইওয়াতে স্থানীয় সময় রাত ৮টায় ভোটগ্রহণ শেষ হবে, যা বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা।

সবার শেষে আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জের কিছু এলাকায় ভোটকেন্দ্র বন্ধ হবে। বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টার দিকে সেখানে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা।

কখন জানা যাবে চূড়ান্ত ফলাফল?

ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার রাত থেকেই প্রাথমিক ও আংশিক ফলাফল আসতে শুরু করবে। বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গণনা চলার সঙ্গে সঙ্গে বুধবারও ফল প্রকাশ অব্যাহত থাকবে।

তবে প্রাথমিক ফল প্রকাশের সঙ্গে চূড়ান্ত বিজয়ী নিশ্চিত হওয়ার বিষয়টি এক নয়। নির্বাচনী কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ব্যালট যাচাই ও গণনা শেষে ফল প্রকাশ করবেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) মতো সংবাদমাধ্যমগুলো এসব তথ্য বিশ্লেষণ করে কোনো আসনের বিজয়ী নিশ্চিত করে থাকে।

যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হবে, সেগুলোর ফল পুরোপুরি পরিষ্কার হতে কয়েক ঘণ্টা, এমনকি কয়েক দিনও লেগে যেতে পারে। ফলে ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে, তা স্পষ্ট নাও হতে পারে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যেভাবে ভোট দেওয়া হয়

ভোটাররা তাদের সুবিধা অনুযায়ী ডাকযোগে, আগাম ভোটের মাধ্যমে কিংবা নির্বাচনের দিন মঙ্গলবার সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষ হওয়ার পরও বিপুলসংখ্যক ডাকযোগে পাঠানো ব্যালট, প্রভিশনাল ব্যালট এবং অন্যান্য বিশেষ ভোট গণনা অব্যাহত থাকে। এ কারণে চূড়ান্ত ও সরকারি ফল পেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

যেসব আসনের লড়াইয়ে নজর থাকবে

সিনেটের নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের চারটি বাড়তি আসনে জয় পেতে হবে। অন্যদিকে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য দলটির অন্তত তিনটি অতিরিক্ত আসন প্রয়োজন।

দুই দলের হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় যেসব আসনের দিকে নজর থাকবে, সেগুলোর মধ্যে রয়েছে—

মিশিগান: ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ ও রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা।

ফ্লোরিডা: ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সন ও রিপাবলিকান সিনেটর অ্যাশলে মুডির লড়াই।

জর্জিয়া: ডেমোক্র্যাট সিনেটর জন অসফের সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সের প্রতিদ্বন্দ্বিতা।

মেইন: রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের বিপক্ষে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসনের লড়াই।

নিউ হ্যাম্পশায়ার: ডেমোক্র্যাট প্রতিনিধি ক্রিস পাপাসের মুখোমুখি হচ্ছেন সাবেক রিপাবলিকান সিনেটর জন সুনুনু।

নর্থ ক্যারোলিনা: সিনেট আসনে ডেমোক্র্যাট রয় কুপার লড়ছেন রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলির বিরুদ্ধে।

সূত্র: আল-জাজিরা

আরও পড়ুন